খেলতে থাকা কিশোরকে ছুরি মেরে খুন
ঢাকার যাত্রাবাড়িতে খুন হয়েছেন এক স্কুলছাত্র।
নিহত রেদওয়ান ইসলাম বিবর (১১) নারিন্দা সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাসা গোলাপবাগের ব্রাহ্মণচিরণ এলাকায়।
বাসার কাছে মাঠে সোমবার বিকালে বন্ধুদের সঙ্গে খেলার সময় আল আমিন নামে এক যুবক এসে ছুরিকাঘাতে বিবরকে হত্যা করে বলে তার স্বজনরা জানিয়েছেন।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা স্বজনরাই বলতে পারেননি। পুলিশ বলেছে, তারা ঘটনার তদন্তে নেমেছে।
বিবরের চাচাত ভাই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসার কাছে মাঠে অন্য দিনের মতোই খেলছিল সে (বিবর)। আকস্মিকভাবে আল আমীন এসে তার পেটে ছুরিকাঘাত করে। এতে নাড়িভুড়ি বেরিয়ে যায়।”
বিবরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
কী কারণে হামলা- জানতে চাইলে সুমন কিছু বলতে পারেননি।
“বিবর ছাড়াও আরও কয়েকজনের উপর হামলার চেষ্টা চালায় আল আমীন। আল আমীন স্থানীয় সন্ত্রাসী ও ছিনতাইকারী।”
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যার কারণ এখনও জানা যায়নি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
