২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষিপ্ত মুহিত ছিঁড়ে ফেললেন প্রশ্ন

জলবায়ু তহবিলের প্রকল্প নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তার লিখিত প্রশ্ন ছিঁড়ে ফেললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 05:36 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ঢাকার একটি হোটেলে রোববার জলবায়ু পরিবর্তন নিয়ে এক কর্মশালার উদ্বোধনে অর্থমন্ত্রীর এমন মূর্তি দেখা যায়। 

অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ শিরোনামে এই কর্মশালার আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স ও ডিএফআইডির বাংলাদেশ প্রধান জেন এডমন্ডসনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর এক সাংবাদিক এক চিরকুটে অর্থমন্ত্রীকে প্রশ্ন পাঠান। তার প্রশ্ন ছিল- ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশে চলমান প্রকল্পগুলোর অর্থ খরচের গুণগত মান খারাপ, এ বিষয়ে আপনার মন্তব্য কি?’

এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্থমন্ত্রী ক্ষেপে ওঠেন এবং ওই চিরকুট টুকরো করে ছিঁড়ে ছুড়ে ফেলে দেন সামনে।

উত্তেজিত মুহিত উচ্চ স্বরে বলতে থাকেন, “যিনি এ প্রশ্ন করেছেন তিনি কি জানেন- এসব প্রকল্পের মাধ্যমে কী কী করা হচ্ছে? কীভাবে জানলেন গুণগত মান খারাপ? অর্থ খরচের গুণগত মান খারাপ এটা আপনাকে কে বলল?”

অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশ প্রকল্প বাস্তবায়ন করছে, তারমধ্যে ‘সবচেয়ে মানসম্পন্ন’ বাস্তবায়নকারী দেশগুলোর একটি বাংলাদেশ।

“বাংলাদেশ ইজ ওয়ান অব দ্য বেস্ট পারফরমার ইন দ্য ওয়ার্ল্ড।”

এর আগে কর্মশালার উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিচ্ছে না বলে প্রায়ই অভিযোগ করা হয়।

“তবে এ বিষয়ে নানা ধরনের জটিলতাও আছে। ক্ষতিকর প্রভাবগুলো চিহ্নিত করার বিষয়ে জটিলতা আছে। আমরাও বহুদিন থেকে বলে আসছি, ন্যায্য ক্ষতিপূরণের দাবি আমরাও করে আসছি। কিন্তু আমরাও ন্যায্যতা পাচ্ছি না।”

দিনব্যাপী কর্মশালায় এসব বিষয়ে ‘কিছু ফাইন্ডিংস’ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। যেসব দেশ সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে যুক্তরাষ্ট্র তাদের অন্যিতম। উন্নয়নশীল দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে এলেও দেশটি তা দিচ্ছে না।”