২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা খরচের জায়গা না পেলে শিক্ষায় বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

জনপ্রতিনিধিসহ বিত্তবানদের শিক্ষার উন্নয়নে, বিশেষ করে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 03:49 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

এর সঙ্গে শিশু-কিশোররা যেন অপরাধে জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে বিশেষ দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন তিনি।

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।

প্রাথমিক শিক্ষাঙ্গনে শিক্ষাদান এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিটিআই প্রশিক্ষক এবং শিক্ষকসহ ১৯ জনকে জাতীয় শিক্ষা পদক ২০১৬ দেন প্রধানমন্ত্রী।  

এছাড়া, খেলাধুলা, সংগীত, আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা, মুকাভিনয়, লোকনৃত্য, সুন্দর হাতের লেখা, অংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতি জেলায় একটি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার কথা বলেন।

তিনি বলেন, “আমাদের ছেলেমেয়েরা যেন ঘরের ভাত খেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে।” 

মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরিতে জনপ্রতিনিধিসহ বিক্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের যে সংসদ সদস্যরা আছে বা বিত্তশালী মানুষরা আছে.. প্রচুর বিত্তশালী মানুষ আছে। অনেকেরই এতো টাকা হয়ে গেছে যে, খরচ করার জায়গাও পায় না। 

“তাদেরকে আমি আহবান করব, তাদের নিজের নিজের এলাকা, জেলা বা গ্রামে যে স্কুল আছে, সেখানে যদি একটা ল্যাপটপ আর একটা প্রজেক্টর উপহার দেন।”

এতে শিক্ষার্থীরা সহজেই মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ব্যবহার করতে পারবে বলে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, “আমি আমার নিজের এলাকায় করেছি। আমি আমার নিজের অর্থ দিয়ে প্রতিটি স্কুলে একটি করে ল্যাপটপ আর প্রজেক্টর দিয়েছি।” 

২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকারি উদ্যোগে ৩১ হাজার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আট হাজার ৯২৫টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। 

২০১৭ সালের মধ্যে সরকারি উদ্যোগে আরও ৫০ হাজার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালু হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে ৪৬ হাজার শিক্ষককে ‘আইসিটি ইন এডুকেশন’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “শিশুরা আগামী দিনের ভবিষ্যত। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কোন বিকল্প নেই। একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরির মূল ভিত্তি হচ্ছে মানসম্মত ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।”

যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করার কথাও বলেন শেখ হাসিনা। 

তিনি বলেন, “বিশ্বে বিনামূল্যে বই বিতরণের এমন নজির নেই।”

প্রধানমন্ত্রী শিশু-কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ার ঘটনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এগুলো বন্ধ করা .. এটা শুধু শাসন করে না, আদর করে বুঝিয়ে, দরকার হলে কাউন্সিলিং করে .. এটা যে ভালো পথ না, খারাপ কাজ; এটা তাদের বোঝাতে হবে।”

“এসমস্ত শিশু-কিশোর অপরাধ প্রবণতা থেকে তারা দূরে থাকে, সেজন্য বিশেষ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি”, বলেন প্রধানমন্ত্রী।  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিুজুর রহমান ফিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওই মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল।