২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হচ্ছে বইমেলার দিনে

অমর একুশে গ্রন্থমেলার ডামোডালে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, যাতে বিভিন্ন দেশের অনেক কবি-সাহিত্যিক অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 11:07 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

বুধবার অমর একুশে বইমেলার উদ্বোধনী দিনেই ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ প্রতিপাদ্য নিয়ে শুরু হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বাংলা একাডেমি আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বৃহস্পতিবার একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদযাপন পর্ষদের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক ফখরুল আলম, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ সামাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, কবি ফরিদ কবির প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সাহিত্য সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, পুয়ের্তোরিকো, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশের বিশিষ্ট কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিকরা বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও ত্রিপুরা রাজ্য থেকেও কবি- লেখকরা সম্মেলনে অংশ নেবেন।

শামসুজ্জামান খান বলেন, “১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে বাংলা একাডেমি প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সাহিত্য সম্মেলনের আয়োজন করে। এরপর বিভিন্ন সময় একাডেমি আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য ও ফোকলোর সম্মেলনের আয়োজন করলেও এবারের আয়োজন নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সম্মেলনে দেশের ছয়জন লেখক-গবেষক-অধ্যাপককে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭’ প্রদান করা হবে।

তারা হলেন- জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনিসুজ্জামান।

সম্মেলন উদ্বোধনের পরবর্তী তিন দিনে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ সাহিত্য, নাটক, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও ভারতের লেখকদের উপস্থাপিত প্রবন্ধগুলোর সংকলন যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হবে। এই সম্মেলনের একটি বিশেষ অংশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবিদের কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।