পুরান ঢাকার জুতা কারখানায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার এক জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই কর্মীর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহত আলামিন (২৫) এর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ওসমান (২১) নামে দগ্ধ আরেক কর্মী ভর্তি রয়েছেন। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া কারখানার মালিক ইয়াকুব শেখ ও ছালাম নামে এক কর্মী সামান্য দগ্ধ হয়েছেন বলে জানান এই পুলিশ সদস্য।
বৃহস্পতিবার ভোররাত পৌনে ৩টার দিকে পুরান ঢাকার আলুবাজারে এ অগ্নিকাণ্ড হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. এনায়েত হোসেন।
এনায়েত জানান, “একটি চারতলা ভবনের নিচতলায় ওই জুতার কারখানায় কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ফায়ার সার্ভিসকে কেউ খবর পাঠায়নি। বিভিন্ন মাধ্যমে শুনে সকালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।”
কারখানা মালিক ইয়াকুব শেখ বলছেন, তিনিসহ কয়েকজন কর্মী কারখানায় ঘুমিয়ে ছিলেন। মূল দরজার কাছে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন তারা।
মশা কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণার কথা জানিয়ে তিনি বলেন, তাড়াহুড়া করে বের হতে গেলে আলামিন ও ওসমান বেশি দগ্ধ হয়।
