ভারতীয় তিন টিভি চ্যানেলের বিষয়ে রায় ২৯ জানুয়ারি
ভারতের টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৯ জানুয়ারি রায় দেবে হাই কোর্ট।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করে।
আদালতে স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু। জি বাংলার পক্ষে ব্যারিস্টার সামসুল হাসান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
গত ৮, ৯, ১০ ও ১১ জানুয়ারি হাই কোর্টে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে জারি করা রুলের ওপর শুনানি হয়।
২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ।
তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
২০১৪ সালের ৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেছিলেন।
