ভারতীয় ৩ চ্যানেল নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ১৯ জানুয়ারি
বাংলাদেশে ভারতীয় তিনটি টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ঠিক করেছে হাই কোর্ট।
টানা চতুর্থ দিনের শুনানি শেষে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেছে।
স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।
আদালতে তিনি বলেন, “বাংলাদেশে স্টার জলসা, স্টার প্লাস আইন মেনেই সম্প্রচার করা হচ্ছে। রিটকারী আইনজীবী ব্যক্তিগত ইন্টারেস্ট থেকেই বিষয়টি নিয়ে আদালতে এসেছেন।
“এর আগেও এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধে দায়ের করা রিট হাই কোর্ট খারিজ করে দিয়েছিলেন। তাই এই রিট মামলা হাই কোর্টে আর চলতে পারে না।”
আদালতে জি বাংলার পক্ষে ছিলেন ব্যারিস্টার সামসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
রিট আবেদনকারীর আইনজীবী মো. একলাস উদ্দিন ভূইয়া চতুর্থ দিনের শুনানি শেষে সাংবাদিকদের বলেন, “ভারতীয় এই চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন ধারাবাহিক বাংলাদেশের সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধ্বংস করছে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার যুক্তির সপক্ষে কয়েকটি ভিডিও ১৯ জানুয়ারি চূড়ান্ত শুনানিতে তুলে ধরা হবে।
২০১৪ সালের ২ অগাস্ট দৈনিক আমাদের সময়ে প্রকাশিত ‘পাখি প্রেমে প্রাণ বিসর্জন’ শিরোনামে একটি প্রতিবেদন ধরে এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘স্টার জলসা’র ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের চরিত্র পাখির পোশাকের মতো জামা নিজের স্ত্রীকে কিনে দিতে না পেরে আত্মহত্যা করেন এক যুবক। একই জামা না পেয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীও আত্মহত্যা করে।
২০১৪ সালের ৭ অগাস্ট এই রিট আবেদনের পর ১৯ অক্টোবর ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়। সেই রুলের উপরই এখন শুনানি চলছে।
