২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওই ছবি আমার না: হাই কোর্টেও বললেন যশোরের সেই সাঈদ

থানার মধ‌্যে বিচিত্র কায়দায় পিছমোড়া করে উল্টো ঝুলিয়ে রেখে নির্যাতনের যে ছবি নিয়ে তুমুল আলোচনা, তা নিজের নয় বলে হাই কোর্টে দাঁড়িয়ে দাবি করেছেন যশোরের আবু সাঈদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

সংবাদপত্রে ঘটনাটি দেখে আবু সাঈদকে হাজির হতে বলেছিল আদালত। সেইসঙ্গে তলব করা হয়েছিল যশোর কোতোয়ালি থানার এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমানকে।

ওই আদেশে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চে হাজির হন তারা।

শুরুতেই সংবাদপত্রের ছবিটি দেখিয়ে আবু সাঈদের কাছে আদালত জানতে চায়, এটা কি আপনার ছবি?

জবাবে সাঈদ বলেন, “এই ছবি আমার না এবং ছবির স্থানটি কোথায় তাও বলতে পারব না।”

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে আবু সাঈদকে (৩০) গত ৪ জানুয়ারি কোতোয়ালি থানায় ধরে নিয়ে নির্যাতনের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ নিয়ে আলোচনার মধ‌্যে দুদিন পর শুক্রবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাঈদ বলেন, পুলিশ তাকে ধরলেও মারধর করেনি। ওই ছবিটি তার নয়।

হাই কোর্টে দুই পুলিশ কর্মকর্তা নাজমুল ও হাদিবুর বলেন, ওই ছবি থানার ভেতরের নয়।

তখন আদালত দুই পুলিশ কর্মকর্তার কাছে জানতে চায়, পত্রিকায় প্রকাশিত ছবির বিরুদ্ধে প্রতিবাদ পাঠানো হয়েছিল কি না?

তখন পুলিশ কর্মকর্তারা বলেন, একটি সংবাদ সম্মেলন হয়েছে। তবে তা তারা করেননি।

এসময় যশোর পুলিশ সুপার পক্ষে আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে।

তখন আদালত বলে, পুলিশের প্রতিবেদন সম্পর্কে ‘আমাদের জানা আছে’। চৌগাছার ঘটনায় এরকম প্রতিবেদন দেওয়া হয়েছিল।

তদন্ত প্রতিবেদন কোথায়- আদালত তা এই আইনজীবীর কাছে জানতে চায়।

মতিন খসরু বলেন, “আমরা যে জবাব দাখিল করেছি, সেখানে তদন্ত প্রতিবেদন টাইপ করে দেওয়া হয়েছে।”

এই ফর্মেটে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল নিয়ে প্রশ্ন তোলে আদালত।

সাবেক আইনমন্ত্রী মতিন খসরু তখন বলেন, “যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

Image
বিভিন্ন সংবাদমাধ‌্যমে এই ছবিসহ খবরটি প্রকাশ হয়েছিল

বিভিন্ন সংবাদমাধ‌্যমে এই ছবিসহ খবরটি প্রকাশ হয়েছিল

তিনি আদালতের উদ্দেশে বলেন, “পত্রিকায় প্রকাশিত ছবি ও ভিকটিম সাঈদের মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? আদালতে উপস্থিত সাঈদ তো হালকা পাতলা গড়নের।”

এ পর্যায়ে আদালত মতিন খসরুকে বলে, তাহলে স্বীকার করে নিচ্ছেন সেখানে কিছু একটা ঘটেছে।

এরপর আদালত সাঈদের কাছে জাতীয় পরিচয়পত্র দেখতে চায়।

সাঈদ তখন পরিচয়পত্র দেখাতে না পারলেও তার পক্ষে একজন আইনজীবী এফিডেভিট দাখিল করেন।

তখন বিচারক সাঈদকে বলে, “আপনি উকিলকে কত টাকা ফি দিয়েছেন? তার সঙ্গে কীভাবে যোগাযোগ করেছেন? পুলিশকে বাঁচানোর জন্যই এই এফিডেভিট দেওয়া হয়েছে। আমরা তো শুধু ভিকটিমকে হাজির হতে বলেছিলাম। আইনজীবী নিয়োগ দিতে বলিনি।”

এরপর হাই কোর্ট যশোর পুলিশ সুপারকে পুনরায় তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়ে রুলের বিষয়ে আদেশের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন দেয়।

এই ঘটনায় এসআই নাজমুল ও এএসআই হাদিবুরের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হবে না- গত ৮ জানুয়ারি দেওয়া রুলে তা জানতে চেয়েছিল আদালত।

স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, যশোরের এসপি, কোতোয়ালির ওসি এবং দুই পুলিশ সদস‌্যকে রুলের জবাব দিতে বলা হয়।

পুরনো খবর:

‘থানায় ঝুলিয়ে নির্যাতনের’ ছবি নিয়ে যশোরে তোলপাড়
থানায় ঝুলিয়ে নির্যাতন: দুই পুলিশকে তলব, রুল