২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘থানায় ঝুলিয়ে নির্যাতনের’ ছবি নিয়ে যশোরে তোলপাড়

থানার মধ‌্যে এক তরুণকে বিচিত্র কায়দায় পিছমোড়া করে উল্টো ঝুলিয়ে রেখে টাকা আদায় করে ছেড়ে দেওয়ার খবর আর ছবি নিয়ে তোলপাড় চলছে যশোরে।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 07:44 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে আবু সাঈদকে (৩০) বুধবার ওইভাবে নির্যাতন করা হয়।

কিন্তু কোতোয়ালি মডেল থানার পুলিশ আবু সাঈদ নামের ওই যুবককে থানায় রেখে নির্যাতন বা টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছে।

আর এ নিয়ে আলোচনার মধ‌্যেই শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাঈদ বলেছেন, পুলিশ তাকে ধরলেও মারধর করেনি।

বিভিন্ন সংবাদমাধ‌্যমে আসা খবরে বলা হয়, কোতোয়ালি থানার এসআই নাজমুল বুধবার রাতে সাঈদকে আটক করেন। তাকে থানায় নেওয়ার পর এএসআই হাদিবুর রহমান দুই লাখ টাকা দাবি করেন। সাঈদ টাকা না দেওয়ায় তাকে হাতকড়া পরিয়ে থানার মধ্যে দুই টেবিলের মাঝে মোটা একখণ্ড লাঠিতে ঝুলিয়ে পেটানো হয়। পরে পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি এসআই নাহিয়ানের সঙ্গে এ বিষয়ে কথা বলার পরামর্শ দেন।

এস আই নাহিয়ান দাবি করেন, সাঈদকে ধরার বিষয়ে তিনিও কিছু জানেন না।

এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। নাজমুল দাবি করেছেন, দুদিন আগেই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তিনি ঢাকায় গেছেন।  

কোতোয়ালি থানা পুলিশ বলছে, মাদক আইনের একটি মামলায় জামিনে আছেন সাঈদ। কী অভিযোগে তাকে আবার আটক করা হয়েছিল, আদালতে না পাঠিয়ে তাকে ছেড়ে দেওয়া হল কেন- এসব প্রশ্নের কোনো উত্তর ওসি ইলিয়াসের কাছে পাওয়া যায়নি।

সাঈদের প্রতিবেশীরা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, পুলিশ শুক্রবার সকালে তার সাঈদের বাড়িতে গিয়েছিল। তবে ওসি এ বিষয়টিও অস্বীকার করেন।

এ পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা সাঈদের বাড়িতে যোগাযোগ করা শুরু করলে বেলা পৌনে ১টার দিকে সাঈদ ও তার পরিবারের চার সদস্য যশোর প্রেসক্লাবে আসেন।

সাঈদ সাংবাদিকদের বলেন, “বুধবার রাতে পুলিশ আমাকে মাইক্রোবাস করে ধরে নিয়ে যায়। থানা হাজতে রাখে। আমার কাছ থেকে শুধু মোবাইল ফোনটি নিয়ে চেক করে। তারা আমাকে কিছু জিজ্ঞাসাবাদও করেনি। সকালে আমাকে ছেড়ে দিয়েছে।”

কাপড় উঁচু করে দেখিয়ে সাঈদ বলেন, “এই দেখেন, আমাকে মারধর করা হয়নি। ঝোলানো হয়নি। কোথাও কোনো চিহ্ন নেই।”

যে ছবি সংবাদমাধ‌্যম আর ফেইসবুকে এসেছে, তা তার নয় বলেও সাংবাদিকদের প্রশ্নে দাবি করেন সাঈদ।  

পরে প্রেসক্লাবে এসে ওসি বলেন, “পুলিশ সুপার আমাকে প্রেসক্লাবের সভাপতির কাছে পাঠিয়েছেন, যদি ঘটনাটি সঠিক না হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে।”

পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরওয়ারের নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটি করে দিয়েছেন বলেও ওসি ইলিয়াস জানান।