গণপরিবহনে র্যাপিড পাস: ‘ক্লিয়ারিং হাউজ’ করতে চুক্তি
রাজধানীর পরিবহন ব্যবস্থায় যাত্রীদের হয়রানি কমাতে সমন্বিত ই-টিকেটিং পদ্ধতি ‘র্যাপিড পাস’ সেবা চালু করতে ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ)।
‘র্যাপিড পাস’ সেবা শুরু করতে ক্লিয়ারিং হাউজ স্থাপনে বুধবার সোনারগাঁও হোটলে এ চুক্তি হয়।
ডিটিসিএ’র পক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মজুমদার এবং ডাচ-বাংলা ব্যাংকের পক্ষে
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘র্যাপিড পাস’ ব্যবহারকারীদের নগদ অর্থ বহন করে যাতায়াত করতে হবে না, যাতায়াত হবে ঝামেলামুক্ত।
“ভবিষ্যতে এই কার্ড দিয়ে নির্দিষ্ট দোকানে কেনাকাটাও করা যাবে। এখানে আধুনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, এ কার্ড জাল করা সম্ভব হবে না।”
এ সময় জাপানের রাষ্টদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার চিফ রিপ্রেজন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সব পরিবহনে একই কার্ড অর্থাৎ ‘র্যাপিড পাস’ দিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
ভবিষ্যতে মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), রেল, বিআরটিসির সব রুট, বিআইডব্লউটিসি, পাবলিক পরিবহনে এই কার্ড ব্যবহার করে পরিবহন সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা।
একাধিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে ভাড়া আদায় ব্যবস্থার সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে একটি ‘ক্লিয়ারিং হাউজ’। ভাড়া বন্টন ও কার্ড ব্যবস্থাপনার বিষয়গুলোর দেখভালও করবে তারা।
র্যাপিড পাস ব্যবহারকারীরাদের পাশাপাশি পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলা এড়াতে পারবে বলে মনে করছে ডিটিসিএ।
রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থা সমন্বিত ই-টিকেটিং পদ্ধতির আওতায় আনতে জাইকার কারিগরি সহায়তায় এই প্রকল্পের মোট ব্যয় ৩৯ দশমিক শূন্য ৬ কোটি টাকা।
এর মধ্যে জাইকার কারিগরী সহায়তায় রয়েছে ২৮ দশমিক ৫২ কোটি টাকা এবং সরকারের ১০ দশমিক ৫৪ কোটি টাকা। প্রকল্পটি ২০১৮ সালের জুনে শেষ হবে।
