২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্ট শ্রমিককে ধর্ষণ; জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা

বেড়ানোর কথা বলে তুরাগ নদীর তীরে নিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করে তার ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

‘ধর্ষণ করে ভিডিও ধারণ’ শিরোনামে রেডিও ধ্বনিতে প্রচারিত একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতের নজরে আনেন।

মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের বেঞ্চ তা আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেয়।

ধর্ষণের ঘটনায় জড়িতেদের গ্রেপ্তারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি হয়েছে।

আইজিপি, উপ-কমিশনার, ঢাকা জেলার এসপি ও আশুলিয়া থানার ওসিকে রুলের জবাব দিতে বলেছে আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের শিকার পোশাক শ্রমিককে এক সপ্তাহের মধ্যে খুঁজে বের করে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তার জবানবন্দি রেকর্ড করার জন্য আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।”

আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার এসপি ও আশুলিয়া থানার ওসিকে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেদিন রেডিও ধ্বনিতে প্রচারিত রেকর্ডটিও দাখিল করতে বলা হয়েছে বলেও জানান এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

আনোয়ারা শাহজাহান বলেন, “বেশকিছু দিন আগে এক পোশাক শ্রমিক রনি নামে তার বন্ধুর সঙ্গে আশুলিয়ার তুরাগ নদীর তীরে বেড়াতে যান। পরে রনিসহ তার কয়েকজন বন্ধু মিলে তাকে নৌকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

“এ বিষয়ে মুখ খুললে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দেন রনি। এ ঘটনার বেশ কিছুদিন পর রেডিও ধ্বনি একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রচার করে, যা শুনে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম রেজাউল করিম বিষয়টি আদালতের নজরে আনেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন।”