২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে খুন: দুই ব‌্যক্তির সামনে ফাঁসিকাষ্ঠ

স্ত্রী হত‌্যার দায়ে ফাঁসিতে ঝুলতে হচ্ছে দুই ব‌্যক্তিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

আলাদা দুটি মামলায় তাদের আপিল মঙ্গলবার খারিজ করেছে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এর ফলে দুজনেরই বিচারিক আদালতের পর হাই কোর্টে দেওয়া মৃত‌্যুদণ্ডাদেশ বহাল থাকল।

ঢাকার তাহমিনা শারমিন তানিয়া হত্যা মামলায় ফাঁসিকাষ্ঠে যেতে হচ্ছে তার স্বামী জাহিদ হোসেন জুয়েলকে। নওগাঁর মাহবুবুল আলমের মৃত‌্যুদণ্ড হয়েছে স্ত্রী সাদেকা বানুকে হত্যার দায়ে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের বলেন, “আইন অনুযায়ী আসামিরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।”

আসামিপক্ষে মামলা পরিচালনায় ছিলেন খুরশীদ আলম খান।

জাহিদের বিরুদ্ধে মামলায় তার গাড়িচালক শাহীন আলম ও ভাড়াটে খুনি মিজানুর রহমানের আপিলও খারিজ করেছে আপিল বিভাগ। ফলে কারাগারে থাকা এই তিন আসামিরই মৃত‌্যুদণ্ডাদেশ বহাল থাকল।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৭ জানুয়ারি জাহিদ স্ত্রী তানিয়াকে নিয়ে ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যান। ৩০ জানুয়ারি কুয়াকাটা থেকে ফেরার পথে রাতে পটুয়াখালীর কলাপাড়ার রাজপাড়া (হাইওয়ে রাস্তার পশ্চিমে) এলাকায় খুন হন তানিয়া।

স্বামী জাহিদ ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে ভাড়াটে খুনির মাধ‌্যমে তানিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়।

ঘটনার পরদিন তানিয়ার ভাই রায়হান গফুর ভগ্নিপতিকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। ওই বছরের ৩০ এপ্রিল পুলিশ জাহিদ, শাহিন ও মিজানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

বিচার শেষে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে আসামিরা হাই কোর্টে আপিল করেন। ২০১২ সালের ৮ জুলাই হাই কোর্টের রায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশই বহাল থাকে।

নওগাঁর সাদেকা বানু হত‌্যাকাণ্ডটি ঘটে ১৯৯৭ সালে।

মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ওই বছরের ২৭ এপ্রিল সাদেকার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন স্বামী মাহবুব।

এসময় সাদেকার ছোটো বোন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে মাহবুবকে ধরে ফেলেন এবং সাদেকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় সাদেকার মৃত্যু হয়।

সাদেকার বাবা অছিম উদ্দিন বাদী হয়ে মান্দা থানায় মাহবুবকে আসামি করে হত্যা মামলা করেন। বিচার শেষে ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর মাহবুবকে মৃত্যুদণ্ড দেয় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত।

এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি মাহবুবের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০০৭ সালের ২০ মে হাই কোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।