২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাসে যৌন হয়রানি: চালক-সহকারী কারাগারে

চলন্ত বাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকার গাবতলী-নবীনগর রুটের একটি বাসের চালক ও সহকারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 06:22 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

রয়েল কোচের বাসচালক মো. কুতুবুদ্দিন ও তার সহকারীক মিলনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করে পুলিশ।

দারুস সালাম থানার এসআই মো. যোবায়ের দুই আসামিকে কারাগারে পাঠানোর আব্নে জানালে মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুজনকে কারাগারে পাঠিয়ে দেন।

এসআই যোবায়ের আদালতে বলেন, “জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন।”

আসামিপক্ষের আইনজীবী হুমায়ন কবির জামিনের আবেদন করলেও তার বিরোধিতায় এসআই যোবায়ের বলেন, আসামিরা ছাড়া পেলে তদন্তে ব‌্যাঘাত ঘটাতে পারেন।

ওই তরুণীর অভিযোগ, গত ২১ জানুয়ারি রয়ের কোচে চুয়াডাঙ্গা থেকে ঢাকা আসার পথে গাবতলীর কাছে নবীনগরে বাস খালি হয়ে গেলে চালক ও সহকারী তাকে যৌন হয়রানি করেন।

কুতুবুদ্দিন ও মিলনকে এরপর পুলিশ গ্রেপ্তার করে গত ২২ জানুয়ারি আদালতের মাধ‌্যমে একদিনের হেফাজতে নেয়।