২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিনা বিচারে’ বন্দি ৭ জনকে হাজিরের নতুন সময়

‘বিনা বিচারে’ এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনকে আদালতে হাজির করার জন্য নতুন দিন ঠিক করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 04:54 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় তাদেরকে মঙ্গলবার হাজির করা সম্ভব হয়নি বলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড শাখার আইনজীবী বেহেশতী মারজান জানিয়েছেন।

বিচারপতি নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ নুরুল হুদার হাই কোর্ট বেঞ্চ আগামী ২৬ জানুয়ারি সাতজনকে হাজিরের নতুন দিন রেখেছেন।

এই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোণার গারো তরুণ লিটন। 

তারা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর কারাগারে আছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে কাশিমপুর কারা কর্তৃপক্ষের কাছে আদালতের আদেশ পৌঁছে দিতে হবে- বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে বলে জানান আইনজীবী মারজান।

গত ১৫ ডিসেম্বর এম ইনায়েতুর রহিম ও জে বি এম হাসানের বেঞ্চ ২৪ জানুয়ারি ওই সাতজনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল।

একটি বেসরকারি টিভি চ্যানেল বিনা বিচারে বন্দি সাতজনকে নিয়ে একটি প্রতিবেদন সম্প্রচার করলে আইনজীবী বেহেশতী মারজান ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে তাদেরকে হাজির করার নির্দেশ আসে।