‘পণ্যবাহী যানে চাঁদার সুনির্দিষ্ট অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’
দেশের সড়ক-মহাসড়কগুলোতে ট্রাক ও কভার্ড ভ্যানসহ পণ্য পরিবহন করা বিভিন্ন যান থেকে পুলিশের চাঁদা তোলার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের ২১ জেলায় ধর্মঘট পালনরত পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ নেতাদের সঙ্গে এক বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “(সড়ক-মহাসড়কে) পুলিশের চাঁদাবাজির বিষয়ে যে অভিযোগগুলো আমরা পেয়েছি, সেগুলো তদন্ত করে হেড অ্যান্ড টেল কিছু পাওয়া যায় নি।
“সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
মহাসড়কগুলোতে অতিরিক্ত পণ্যবাহী পরিবহন কোনো ভাবেই চলতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।
সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং অতিরিক্ত পণ্যবোঝাই যান চলাচলে নিষেধাজ্ঞাসহ ১২টি দাবিতে সোমবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ধর্মঘট করছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।
এরপর খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়।
পণ্য-পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মঙ্গলবারের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
