অমর একুশে উদযাপনে ঢাবিতে প্রস্তুতি সভা
আসছে একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উদযাপন কমিটি ও উপ-কমিটি করা হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়ার আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এ সভা হয়।
সভা থেকে উদযাপন কর্মসূচি পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে সমন্বয়ক করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ ও সমিতির সহ-সভাপতি অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে যুগ্ম-সমন্বয়কারী করে কেন্দ্রীয় উদযাপন কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ হোসেনকে উদযাপন কমিটির সদস্য-সচিব করা হয়। কেন্দ্রীয় সমন্বয় কমিটি ছাড়াও ১১টি উপ-কমিটি গঠন করা হয়।
এ সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাপণী বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছরগুলোর মত এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সতর্কতা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার আহ্বান জানাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে সমন্বয় কমিটি গৃহীত সব কর্মসূচি সুষ্ঠুভাবে নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা চান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান ও যুগ্ম-সচিব মো. ফয়জুর রহমান ফারুকী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির প্রতিনিধি, অফিস প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারী সমিতিসমূহের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
