২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ নয়, শ্লীলতাহানি: পুলিশ

কুমিল্লার বাঙ্গরা থানার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয়েছে’ বলে হাই কোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 05:11 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

কুমিল্লার বাঙ্গরা থানার ওসি বৃহস্পতিবার হলফনামা আকারে ওই প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে বৃহস্পতিবার বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় আগামী রোববার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

“প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেছে থানা-পুলিশ। এজাহারে থাকা পাঁচ আসামির মধ্যে নজরুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি ও অন্যদের বক্তব্যে এসেছে। বলা হয়েছে, কিশোরীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয়েছে। আর তার ভাইকে মারধর করা হয়েছে।”

গত ৭ জানুয়ারি ‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ, ভাইকে কোপ, থানায় সালিস’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান গত ৯ জানুয়ারি প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।

এরপর আদালত ভাইকে কোপানোর ঘটনায় করা পরিবারের অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে এফআইআর হিসেবে গ্রহণ করে আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেয়। সেইসঙ্গে স্বতঃপ্রণোদিত রুল জারি করে ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়।

আপস-অযোগ্য ওই ঘটনায় সালিসের উদ্যোগ কেন বেআইনি হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

হাই কোর্টের নির্দেশের পরদিন বাঙ্গরা উপজেলার ভাঙ্গানগর গ্রামের নজরুল ইসলাম, তার বাবা আবদুল কুদ্দুছ, বোন রোজিনা আক্তার ও ভাবি আমেনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঙ্গরা থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সেদিন সাংবাদিকদের বলেন, গত ২৩ ডিসেম্বর নজরুল ইসলাম প্রতিবন্ধী মেয়েটিকে একটি ইটভাটায় নিয়ে ‘শ্লীলতাহানি’ করে। এ খবর শুনে মেয়েটির ভাই প্রতিবাদ করলে তাকে কুপিয়ে আহত করা হয়।

আগামী ২২ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের দিন রয়েছে হাই কোর্টে।

পুরনো খবর:

কুমিল্লায় ধর্ষণের আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ হাই কোর্টের
আদালতের নির্দেশের পর কুমিল্লায় প্রতিবন্ধী ‘ধর্ষণের’ আসামি গ্রেপ্তার