২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ আর সহ‌্য করবে না: দুদক চেয়ারম‌্যান

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের জনরোষের ভয় দেখিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

তিনি বলেছেন, “আপনি দল বেঁধে ঘুষ নেবেন বা আমি ঘুষ নেব, এটা দেশের মানুষ আর সহ্য করবে না। সেই সময় বেশি দূরে নয়, যেদিন সাধারণ মানুষ এসে এটা বন্ধ করবে।”

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে ‘শুদ্ধাচার ও নৈতিকতা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশে দুর্নীতি দমন সংস্থার প্রধান ইকবাল মাহমুদ।

দুদকের তৎপরতার কথা তুলে ধরে সরকারি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সতর্ক হন। গত এক বছর ধরে দেখেছেন বিভিন্ন অফিস থেকে লোকজন ‍তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে এখন থামুন।”

এনবিআরকে জাতির ‘ব্লাড সাপ্লাইয়ার’ অভিহিত করে ইকবাল মাহমুদ বলেন, “আমাদের দুর্ভাগ্য যতটুকু ব্লাড দরকার, ততটুকু আমরা সাপ্লাই করতে পারি না। এটা আমাদের একটা দুর্বলতা।

“সাপ্লাই যে আমরা করতে পারি না এর পেছনে দুটো কারণ মনে হয়। একটি হচ্ছে ব্যক্তি পর্যায়ের কারণ, আরেকটি হচ্ছে সামগ্রিক পদ্ধতিগত কারণ।”

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের নিজের কাজ সম্পর্কে আত্মজিজ্ঞাসার পরামর্শ দিয়ে দুদক চেয়ারম‌্যান বলেন, “একটা ইউনিয়ন পরিষদ যদি ২০০ বছর ধরে প্রত্যেকটি খানা ট্যাক্স আদায় করতে পারে, তাহলে এনবিআর কেন পারবে না?

“এনবিআর প্রত্যেকটা খানার বিপরীতে কেন একটা ট্যাক্স ফাইল করতে পারবে না। এটা একটি লজ্জার বিষয়। সংস্থার একটি দৈন‌্যের বিষয় বলে আমি মনে করি।”

গ্রাম এবং শহরের মধ্যে অসম উন্নয়ন কমিয়ে আনার উপরও জোর দেন তিনি।

আয়কর আদায়ে জোর দিয়ে দুদক চেয়ারম‌্যান বলেন, “আমি দেখেছি, বিএমডাব্লিউ চালায় কিন্তু ট্যাক্স দেয় ২ লাখ টাকা। আপনি চালান, আল্লাহ আপানাকে দিয়েছে। কিন্তু জনগণের হক তো আপনাকে দিতে হবে।”

কর ধার্য ও আদায়ের ক্ষেত্রে অনিয়ম না করতে এনবিআর কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

“আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ঠিকমতো কাজটা করেন। যারা অবৈধ আয় করছেন, তাদের বিরুদ্ধে আপনার অ‌্যাকশনে যান।”

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুল নজিবুর রহমান বলেন, “এনবিআরে এখন সার্বিকভাবে নীতির পরিবর্তন হচ্ছে। এনবিআরে এখন লাল হলুদ হচ্ছে, হলুদ সবুজ হচ্ছে। এভাবে এখন আমরা পরিবর্তনের মধ্যে আছি।”