২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি রুহুল আমিনের জানাজা

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 03:52 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানাজার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারিক কার‌্যক্রম বন্ধ থাকবে।

এদিকে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের জানিয়েছেন, আজ রাতে বিচারপতি এম এম রুহুল আমিনের মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছবে।

বিচারপতি এম এম রুহুল আমিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জানুয়ারি ভোরে মারা যান।

২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।

বিচারপতি রুহুল আমিন ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও এম আশরাফ আলী সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাই কোর্টে নিয়োগ পান।

পরবর্তীতে ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি। এছাড়াও ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।