২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুনের রায়ে বিচার বিভাগে আস্থা বেড়েছে: প্রধান বিচারপতি

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ে সব আসামির শাস্তি বিচার বিভাগের উপর মানুষের আস্থা আরও বাড়িয়েছে বলে মনে করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 07:37 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

দেশের বিচারাঙ্গনের শীর্ষ পদে নিজের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তিতে মঙ্গলবার দেওয়া এক বাণীতে এই মত প্রকাশ করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, “স্বল্পতম সময়ের মধ্যে উক্ত মামলার বিচার নিষ্পত্তি করায় দেশের আপামর জনগণের আস্থা বিচার বিভাগের প্রতি আরও বেড়েছে।”

সাত খুনের আলোচিত মামলায় সোমবার দেওয়া রায়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ৩৫ আসামির ২৬ জনকে মৃত‌্যুদণ্ড দেন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বাকি আসামিদের।

তিন বছর আগের এই ঘটনায় ২০১৬ সালে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযো্গ গঠনের এক বছরের কম সময়ের মধ‌্যে রায় হল।

চাঞ্চল‌্যকর এই খুনের মামলায় দ্রুত বিচারে সুপ্রিম কোর্টের ‘সময়োপযোগী হস্তক্ষেপের’ কথাও বলেন প্রধান বিচারপতি।

সাত খুনের এই মামলায় আসামিদের মধ‌্যে ছিলেন র‌্যাবে কর্মরত সামরিক বাহিনীর তিন কর্মকর্তা; অভিযোগ আসার পর তাদের গ্রেপ্তার করতে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল।

বিচারপতি সিনহা বলেন, “অপরাধী যত বড় হোক না কেন, সে দায়মুক্তি পাবে না। চাঞ্চল্যকর সাতখুনের মামলা প্রভাবশালী আসামি র‌্যাবের কতিপয় কর্মকর্তা রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।”

বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৫ সালের ১৬ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি সিনহা। ২০১৮ সালের ৩১ জানুয়ারি তিনি অবসরে যাবেন।

Image
রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন বিচারপতি এস কে সিনহা (ফাইল ছবি)

রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন বিচারপতি এস কে সিনহা (ফাইল ছবি)

বাণীতে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা, মামলা জট, আইনের সংস্কার, বিচার বিভাগের অবকাঠামোগত ও জনবল সঙ্কট, বিচার বিভাগের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের ভূমিকা অপরিহার্য মন্তব্য করে তিনি বলেন, বিচার বিভাগ এর (সংবিধানের মুল চেতনা) সীমার বাইরে গিয়ে অন্য বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

“তেমনিভাবে আমিও প্রত্যাশা করি রাষ্ট্রের অন্যান্য বিভাগ বিচার বিভাগের দায়িত্ব পালনে কোনোরূপ হস্তক্ষেপ করবে না…. দায়িত্ব পালনকালে বিভিন্ন বিভাগের মধ্যে অপরিহার্যভাবে সৃষ্ট শীতল সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করলে প্রত্যেক বিভাগের সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সমগ্র জনগোষ্ঠীর প্রভূত কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও মনে করিয়ে দেন প্রধান বিচারপতি।

মামলা জটের জন‌্য ত্রুটিপূর্ণ ও সেকেলের আইনকেও দায়ী করে তিনি বলেন, তার দায়িত্ব পালনের দুই বছরে মামলা নিষ্পত্তি বৃদ্ধি আশাব্যঞ্জক।

তিনি জানান, ২০১৫ এবং ২০১৬ সালে সব আদালতে ২৭ লাখ ৬০ হাজার ২৪০টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময় ২০১৩ এবং ২০১৪ সালে দেশের সকল আদালতে মামলা নিষ্পত্তির পরিমাণ ছিল ২৪ লাখ ২৩ হাজার ৮৩৮।

“বিগত ২ বছরে মামলা নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪০২টি। ফলে নিষ্পত্তির হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

মামলা নিষ্পত্তিতে গতি আনতে আইন সংস্কারের তাগিদ দেন প্রধান বিচারপতি।

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেটে প্রকাশের প্রত্যাশাও রেখেছেন তিনি।

“সরকারের সঙ্গে সামান্য বিষয়ে দ্বিমত থাকলেও আশা করছি অচিরেই তা দূরীভূত হবে। বিচারকেরা স্বতন্ত্র আচরণ ও শৃঙ্খলা বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হলে বিচার বিভাগ পৃথককরণের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।”

পুরনো খবর:

অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি: প্রধান বিচারপতি