নবম ওয়েজবোর্ডের দাবিতে রাজপথ অবরোধের ডাক
নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে বুধবার সারা দেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির নৈতিক সমর্থন ও প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তথ্য মন্ত্রণালয় নবম ওয়েজবোর্ড গঠন নিয়ে টালবাহানা করছে।
“এমনকি তথ্যমন্ত্রীর সঙ্গে বিএফইউজে ও ডিইউজের নেতাদের সর্বশেষ বৈঠকে গত ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।”
কিন্তু সেটা বাস্তবায়ন না হওয়ায় ‘আবারও রাজপথে’ নামতে হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সর্বশেষ অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ গঠন হয় ২০১২ সালে। চার বছর অন্তর নতুন ওয়েজ বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও এক্ষেত্রে চার বছর ৭ মাস অতিক্রান্ত হয়ে গেছে।
