বংশালে জুতা কারখানায় আগুনে দগ্ধ ২
পুরান ঢাকার বংশাল মোড়ে একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডে দুই কর্মী দগ্ধ হয়েছেন।
মো. কামাল (২৪) ও মো. তারেক (২৫) নামের ওই দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা আতাউর রহমান জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বংশাল মোড়ের আগা সাদেক রোডে ‘ফয়সাল সেবা’ নামের ওই জুতা কারখানায় আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নেভায় বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকাল পৌনে ৪টার দিকে ওই কারখানা থেকে কামাল, তারেক ও হানিফ নামে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কামাল ও তারেক আগুনে দগ্ধ হয়েছেন, আর হানিফ হুড়োহুড়িতে আহত হয়েছেন।
হানিফ হাসপাতালে সাংবাদিকদের জানান, চার তলা একটি ভবনের তৃতীয় তলায় তাদের কারখানা। দুপুরে জুতায় স্প্রে করার কাজের সময় হঠাৎ আগুন ধরে গেলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
