আশকোনা অভিযান: তদন্ত প্রতিবেদন ২৩ ফেব্রুয়ারি
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানিয়েছেন।
মামলাটির তদন্ত করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান।
নথিপত্রে দেখা যায়, এ মামলায় ১৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল।
গত ২৪ ডিসেম্বর আশকোনা এলাকার ‘সূর্য ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ওই বাড়িতে অভিযানে দুজন নিহত হন। তাদের একজন আজিমপুরে নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী, অন্যজন পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা। এছাড়া আহত হন শাকিরার শিশুকন্যা। আত্মসমর্পন করেন দুই নারী।
আশকোনার ওই ঘটনায় গত বছরের ২৫ ডিসেম্বর দক্ষিণখান থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুল ইসলাম এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- পলাতক জঙ্গি মাইনুল ইসলাম ওরফে আবু মুসা, তার স্ত্রী তৃষা মনি ওরফে উম্মে আয়েশা, মিরপুরে নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন, জঙ্গি রাশেদুর রহমান সুমন, তার স্ত্রী শাকিরা ওরফে তাহিরা এবং আফিফ কাদেরী ওরফে আদর এবং মো. সেলিম ও মো. ফিরোজ।
এ মামলায় গত ৯ জানুয়ারি আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে দুই দফায় ১৩ দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
