২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশকোনায় ধরা দেওয়া ২ নারীর জঙ্গি সম্পৃক্ততা স্বীকার

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানকালে ধরা দেওয়া দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণি আদালতে জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 09:22 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

গত বছরের ২৩ ডিসেম্বর আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের মুখে পুলিশের হাতে ধরা দেওয়ার পর দুই দফায় ১৩ দিন রিমান্ড শেষে তাদের এই জবানবন্দি এল।

সোমবার দেওয়া জবানবন্দিতে এ দুই নারী জঙ্গি কর্মকাণ্ডে জড়ানোর দায় মূলত তাদের স্বামীদের ওপর চাপিয়েছেন বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বশেষ ছয়দিনের রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের খাসকামরায় জেবুন্নাহার শীলা ও ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের খাসকামরায় তৃষা মণি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।

মিরাশ উদ্দিন বলেন, “জবানবন্দিতে জঙ্গি কর্মকাণ্ডের দায় মূলত স্বামীদের ওপর বর্তিয়ে নিজেদের সম্পৃক্ততার বিষয় তুলে ধরেছেন তারা।”

জবানবন্দি শেষে দুই বিচারক তাদেরকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত বছরের ২৩ ডিসেম্বর রাতে আশকোনায় অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা দেওয়া এই দুই নারীর মধ্যে জেবুন্নাহার শীলার স্বামী সেনাবাহিনীর সাবেক মেজর জাহিদুল ইসলাম, যিনি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকায় রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন।

এছাড়া তৃষা মনি ওরফে উম্মে আয়শা (২২) পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী।

আশকোনায় অভিযানের ঘটনায় গত ২৫ ডিসেম্বর দক্ষিণখান থানার এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে শীলা ও তৃষা মণিসহ নয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

এরপর এই দুই নারীকে গত ২৬ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে সাতদিনের হেফাজতে পায় পুলিশ। এরপর গত ২ জানুয়ারি দ্বিতীয় দফায় ফের ছয়দিনের হেফাজতে পায় আইনশৃঙ্খরা বাহিনী।

পুরনো খবর:

আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী ফের রিমান্ডে
আশকোনায় ধরা দেওয়া দুই নারী রিমান্ডে