২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসির অগ্নিকাণ্ড: দুই সপ্তাহেও বের হয়নি কারণ

গুলশানের ডিএনসিসি মার্কেটে লাগা আগুন দুর্ঘটনা, না কি পরিকল্পিতভাবে লাগানো হয়; তা দুই সপ্তাহেও বের করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 12:19 AM

Updated : 19 Aug 2022, 03:30 PM

আগুন লাগার পর তার কারণ খুঁজে বের করতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। ঘটনাটি নাশকতা কি না, তা বের করতে মহানগর পুলিশের গঠন করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

ফায়ার সার্ভিস গঠিত কমিটিকে ১৫ দিন এবং পুলিশের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও কোনো কমিটিই তা দিতে পারেনি।

সোমবার ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্য সচিব সুভাষ চন্দ্র দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা সম্ভব হয়নি। তা জানার জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।”

ফায়ার সার্ভিসের সাত সদস্যের কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন বাহিনীটির পরিচালক মোশাররফ হোসেন।

নির্ধারিত সময়ের মধ্যে আগুন লাগার কারণ বের করতে না পারায় প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়াতে আবেদন করার কথা ভাবছেন এই তদন্ত কমিটির সদস্যরা।

কমিটির সদস্য ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রফিকুল ইসলাম বলেন, “তদন্তে সময় লাগছে। বিভিন্ন আলামত সংগ্রহে সময় লাগায় প্রতিবেদন জমা দিতে সময় বাড়ানোর আবেদন করা হতে পারে।”

তদন্ত শেষে সব কিছু জানা যাবে, আশা দেখাচ্ছেন কমিটির সদস্য সচিব সুভাষ দেবনাথ।

Image
আগুন জ্বলছে ডিএনসিসি মার্কেটে

আগুন জ্বলছে ডিএনসিসি মার্কেটে

গুলশান ১ নম্বর সেকশনের জনপ্রিয় এই বিপণি বিতানে গত ২ জানুয়ারি অগ্নিকাণ্ডের এই ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন ‌ব্যবসায়ীরা।

সাত বিঘা জমির ওপর নির্মিত ডিএনসিসি মার্কেটের ওই জায়গায় ২০০৩ সালে পিপিপির আওতায় ১৮ তলা গুলশান ট্রেড সেন্টার নির্মাণের দরপত্র দিয়ে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার সময়ের সিটি করপোরেশন কর্তৃপক্ষ মেট্রো গ্রুপের আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজ কোম্পানির সঙ্গে চুক্তি করে।

পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভবনের মালিকানা বাড়াতে চুক্তি বাতিল নিয়ে একটি মামলার পর দোকান মালিক সমিতি মামলা করলে সেখানে আর ভবন তুলতে পারেনি ঠিকাদারি কোম্পানি।

সেই ভবন নির্মাণ করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয় বলে অভিযোগ ডিএনসিসি মার্কেটটির ব্যবসায়ীদের।

তবে এই অগ্নিকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে বলে দাবি করছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র আনিসুল হক।

Image
অগ্নিকাণ্ডের দেড়দিন পরও ধ্বংসস্তূপে পানি ছিটাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের

অগ্নিকাণ্ডের দেড়দিন পরও ধ্বংসস্তূপে পানি ছিটাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের

ব‌্যবসায়ীরা অভিযোগ তোলার পর তা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার দিদার আহম্মদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে পুলিশ।

এই কমিটি নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পেরে ইতোমধ্যে প্রতিবেদন জমার সময় তিন মাস বাড়ানোর আবেদন করেছে জানান কমিটি প্রধান দিদার আহম্মদ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই অতিরিক্ত কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় তিন মাস বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের আগে বলা যাচ্ছে না কীভাবে আগুন লেগেছে।”

ওই আগুনে ডিএনসিসি মার্কেটের দেড়শ দোকান পুড়ে অন্তত দেড়শ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি; এর মধ্যে অনেকে পথে বসেছেন।

প্রায় ৭ বিঘা জমির ওপর নির্মিত এই বিপণি বিতানে কাঁচা ও পাকা মার্কেট মিলিয়ে দুই অংশে দোকান ছিল ছয়শর মতো। ওই বিপণি বিতানের আগুন পুরোপুরি নেভাতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগে অগ্নিনির্বাপক বাহিনীর, যা নিয়েও সমালোচনা রয়েছে।

আগুন নেভাতে দেরির অভিযোগ নাকচ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পাওয়ার পর বিন্দুমাত্র দেরি না করে তারা তা নেভাতে কাজ শুরু করেছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত এই বিপণি বিতানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না দাবি করে অগ্নিনির্বাপক বাহিনীর এই প্রধান।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, মার্কেটটির প্রতিটি দোকানে তালা ভেঙে তাদের ঢুকতে হয়েছিল। পাশাপাশি পানির কোনো উৎসও আশপাশে ছিল না।

পুরনো খবর:

আগুন লাগানো হয়েছে, অভিযোগ ব‌্যবসায়ীদের