২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ঁসে চলছে কার্টুন প্রদর্শনী ‘জানালা’

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে স্থপতি সাজিদ বিন দোজা বনির ‘জানালা’ শীর্ষক একক কার্টুন প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 07:40 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

সোমবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন ইন্সটিটিউট অফ আর্কিটেক্টস্ বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির।

সাজিদ বিন দোজা বনি বলেন, “কার্টুন এমন একটা মাধ্যম, যার মধ্য দিয়ে হাস্যরসের সত্যিকারের নির্যাসটা আস্বাদন করা যায়।”

বাংলাদেশের আনাচে-কানাচে বিভিন্ন সমতটে বিভিন্ন মানুষের সাথে মিশে, ঘুরে বনি ‘আবিষ্কার’ করেছেন বাঙালির চিরায়ত রসবোধ।

“সামাজিক ও আর্থিক গণ্ডি ছাপিয়ে প্রতিটি মানুষ জীবনে মিতালি গড়ে তুলেন। এখানে সবাই আসলে আনন্দে, হাসি-ঠাট্টায় দিনাতিপাত করতে চায়।  কার্টুনগুলোতে এই অবিমিশ্র জীবনবোধ আর অব্যক্ততার গল্পটি  ‍তুলে ধরতে চেয়েছি।”

প্রদর্শনীর নামকরণের গল্পটিও শোনান বনি।

“জানালার আরেক অর্থ পর্যবেক্ষণ। আমাদের শৈশব এর একটা বড় অংশ কিন্তু কেটেছে ওই জানালার পাশে। বাইরের দুনিয়াটা আমরা জানালা দিয়ে দেখি। মানুষের সুখ- দুঃখ, হাসি কান্না, আচার-আচরণ আর নিজের একটা ছোট্ট কল্পনার পৃথিবী বানাতে জানালার ভূমিকা অনেক।”

বনি জানান, বাংলাদেশের সহজ সরল মানুষের জীবনচিত্র তুলে ধরতে ২০১৫ সালে পর্তুগালের এভরাতে ‘জানালা’র একটি প্রদর্শনী হয়েছিল।

‘জানালা’ বনির ষষ্ঠ একক প্রদর্শনী। এই প্রদর্শনীতে ৩০ কার্টুন চিত্র প্রদর্শিত হচ্ছে।

আগামী ২৪শে জানুয়ারি পর্যন্ত চলমান এই প্রদর্শনী প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।