পাঠ্যবই আলাদাভাবে ছাপার চিন্তা প্রাথমিক মন্ত্রণালয়ের
পাঠ্যপুস্তকে ভুল-ত্রুটির ঘটনায় সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনসিটিবির মাধ্যমে না করে নিজেরাই প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপানোর চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক স্তরের বই প্রণয়নে এনসিটিবির মতো আলাদা প্রতিষ্ঠান করা যায় কি না- সেই চিন্তাভাবনাও চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের বই ছাপিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়।
গত কয়েক বছর নতুন পাঠ্যবই বিতরণের পর ভুল-ক্রটি বের হলে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেউই তার দায় নিতে চায়নি।
এবার পাঠ্যপুস্তকে ভুল নিয়ে ব্যাপক সমালোচনা ওঠার পর শিক্ষা মন্ত্রণালয়ের এনসিবিটির উপরই দোষ চাপিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।
গণশিক্ষামন্ত্রী ফিজার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এনসিটিবিকে বই ছাপানোর দায়িত্ব দিই, তারাই (শিক্ষা মন্ত্রণালয়) দেখাশোনা করে, এটা তাদেরই প্রতিষ্ঠান।
“প্রাথমিকভাবে চিন্তাভাবনা- বইয়ের নতুন কোনো প্রতিষ্ঠান করা যায় কি না। (আলাদা বই ছাপানো) এটা নিয়ে ভাবনা আছে, আমাদের ইচ্ছে থাকবে না কেন? প্রাইমারির বইটা আলাদা করে ছাপালে জবাবদিহিটা আমাদের থাকবে।”
এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সরকার। এর মধ্যে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই ও শিক্ষা উপকরণ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের।
নতুন বছরের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে পাঠ্যপুস্তক উৎসবে প্রাথমিকের শিক্ষার্থীরা - ছবি: আব্দুল মান্নান
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশে ১০টি বোর্ড থাকার প্রসঙ্গ তুলে ফিজার বলেন, “সারাদেশে আমাদের একটা বোর্ড থাকতে পারত, আমরা ৩২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নিই।”
এনসিটিবি থেকে বেরিয়ে এসে কবে নাগাদ নিজেরাই বই ছাপাতে চান- এ প্রশ্নে তিনি বলেন, “এটা নিয়ে ভাবনা আছে, চিন্তা-ভাবনাও চলছে, বাস্তবায়ন হলে তো দেখাই যাবে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের মাঝামাঝি শেষ হবে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পিইডিপি-৩ প্রকল্প। এই প্রকল্প শেষ হলে চলতি বছরেই পিইডিপি-৪ প্রকল্প হাতে নেওয়া হবে।
পিইডিপি-৩ প্রকল্পে বিশ্ব ব্যাংকসহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা অর্থায়ন করে। প্রাথমিকের বই ছাপাতে এই প্রকল্প থেকে অর্থ নেওয়ায় বিশ্ব ব্যাংক কিছু শর্ত জুড়ে দেয়।
মন্ত্রী ফিজার বলছেন, “আমরা চেষ্টা করছি পিইডিপি-৪ এ গিয়ে বইটা আলাদা করে ছাপাতে পারি কি না। ওয়ার্ল্ড ব্যাংকের আওতার বাইরে এসে পারা যায় কি না, এ রকম ভাবনা হচ্ছে।”
মোস্তাফিজুর রহমান ফিজার (ফাইল ছবি)
এনসিটিবি থেকে বেরিয়ে এসে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিকের বই আলাদাভাবে ছাপানোর চিন্তাভাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি সরকারের সংস্থা, এখন পর্যন্ত বিনামূল্যের সব বই এখান থেকে ছাপানো হয়। তবে সরকার যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব।”
পাঠ্যবইয়ে ভুল নিয়ে এনটিসিবিকে দায়ী করে গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এনসিটিবিতে প্রাথমিক এবং মাধ্যমিক উইং নামে দুটি সম্পাদনা পরিষদ আছে। প্রাথমিক উইংয়ের ২৪টি পদের ২০টিতে শিক্ষা মন্ত্রণালয় ‘অযোগ্য’ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে রেখেছে।
“২৪টি পোস্ট আমাদের উছিলায় সৃষ্টি হল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের মতো করে অযোগ্য লোকদের এখানে বসিয়েছে শুধু তাদের (কর্মকর্তাদের) ঢাকায় থাকার জন্য। এনসিটিবিতে আমরা নিধিরাম সর্দার।”
এনসিটিবির বিশেষজ্ঞরাই প্রাথমিকের শিক্ষাক্রম ঠিক করেন জানিয়ে গণশিক্ষামন্ত্রী ফিজার বলেন, “রিরাইট করা, সংশোধনী আনা সব কিছুই তারা করেন।”
আম খাওয়া বোঝাতে ছাগলের যে ছবি- তা নিয়েও চলছে সমালোচনা
প্রাথমিকের বইয়ে ভুল-ক্রটি নিয়ে ফিজার বলেন, “ভুল তো আছে। পত্রিকায় অন্য বিষয়েও কথা আসছে। সংশোধনী নিয়ে কেউ বলেছেন প্রতিক্রিয়াশীলদের কাজ। … আমাদের দেশে মিশ্র কালচার, এখানে ধর্মেরও খুব প্রভাব আছে, আবার প্রগতির ঝাণ্ডাও… সব দিক মিলিয়ে আছে।”
পাঠ্যবইয়ে যতটা ভুল রয়েছে, তার চেয়েও বেশি সমালোচনা চলছে বলে মনে করেন গণশিক্ষামন্ত্রী।
‘ছাগলে কি আম খেতে পারে না’ রসিকতার সুরে সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “বাঘও তো হরিণ নিয়ে গাছে উঠছে, ডিসকভারিতে দেখা যায়।”
বানানের ভুলটা কে দেখবে সেই প্রশ্ন রেখে ফিজার বলেন, “ছাগল গাছে ওঠাবে কি না সেটাও তো বিশেষজ্ঞরাই ওঠাচ্ছেন। … মন্ত্রী বা সচিব তো ওঠাবে না। ওখানে (বইয়ে) দুই পা উঠাচ্ছে আর আপনি (গণমাধ্যম) চার পা উঠানোর খবর দিচ্ছেন।”
