মাহবুবে আলমের পদে থাকার বৈধতা নিয়ে আদেশ ২৩ জানুয়ারি
মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে, আগামী ২৩ জানুয়ারি আদেশ দিবে হাই কোর্ট।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করেন।
আদালতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী, এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অন্যন পক্ষে শুনানি করেন রিট আবেদনকারী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ নিজেই।
অ্যাডভোকেট ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানিতে আমি সংবিধানের অনুচ্ছেদ ৬৪(১) এবং ৯৪(১) তুলে ধরে বলেছি প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল ৬৭ বছর অতিক্রম করলে পদে থাকতে পারেন না। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে আগামী সোমবার (২৩ জানুয়ারি) আদেশের জন্য রেখেছেন।”
মাহবুবে আলম (ফাইল ছবি)
গত বছরের ৯ নভেম্বর মাহবুবে আলমের ওই পদে থাকার বৈধতা নিয়ে হাই কোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আকন্দ।
পরদিন অর্থাৎ ১০ নভেম্বর রিট আবেদনটি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চে শুনানির জন্য উঠলে তা শুনতে বিব্রতবোধ করেন একজন বিচারক। এরপর প্রধান বিচারপতি তা তৃতীয় বেঞ্চে পাঠান।
‘৬৭ বছর অতিক্রম করলেন মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল পদে থাকা নিয়ে বিতর্ক’ শিরোনামে এক প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
ওই সংবাদ প্রতিবেদনে বলা হয়, ৬৭ বছর অতিক্রান্ত হওয়ায় সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী মাহবুবে আলম আর এ্যাটর্নি জেনারেলের পদে থাকতে পারেন না বলে আইনজ্ঞদের অভিমত।
রিট আবেদনে বলা হয়, “সংবিধান মেনে চলা সবারই দায়িত্ব ও কর্তব্য। সাংবিধানিক অন্য সব পদেই নির্ধারিত সময়ের পরে আর কেউ থাকতে পারেন না।”
ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারকে উদ্ধৃত করে ওই সংবাদ প্রতিবেদনে বলা হয়, “যেহেতু সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর বয়স পূর্ণ হলেই অবসরে যান। অর্থাৎ এরপর তাদের বিচারক পদে থাকাটা অসাংবিধানিক। একই কারণে ৬৭ বছর অতিক্রান্ত হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদে থাকাও অসাংবিধানিক।”
তবে ওই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে মাহবুবে আলম বলেন, “৬৪ অনুচ্ছেদের কেবল শুরুর অংশ না পড়ে পুরোটা পড়তে হবে। এই অনুচ্ছেদের শেষে ৬৪(৪)-তে বলা হয়েছে, রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন।”
আইনজীবীদের কারও কারও মতে, এই সময়সীমা বলতে বোঝানো হয়েছে, রাষ্ট্রপতি যখন অ্যাটর্নি জেনারেলের কাজে সন্তষ্ট থাকবেন না, তখনই তাকে অপসারণ করতে পারবেন। অর্থাৎ সাংবিধানিক অন্য কোনো পদের মতো এখানে তিন বছর বা পাঁচ বছর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।
অন্যপক্ষের মতে, এর অর্থ এই নয় যে, রাষ্ট্রপতি অসন্তুষ্ট না হলে, সুপ্রিম কোর্টের বিচারক থাকার যোগ্যতা হারালেও তিনি পদে বহাল থাকতে পারবেন।
