বিটিভির সাবেক মহাপরিচালক হানিফ মারা গেছেন
বাংলাদেশে টেলিভিশনের সাবেক মহাপরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক একেএম হানিফ মারা গেছেন।
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতের পর তার মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মৃত্যুকালে হানিফের বয়স হয়েছিল ৬৫ বছর।
তার স্ত্রী হালিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১টার দিকে বারডেম হাসপাতালে মারা যান তিনি। গত শনিবার থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন হানিফ।
সোমবার বাদ জোহর মোহাম্মদপুরে জহুরি মহল্লা মসজিদে জানাজার নামাজ শেষে মরদেহ দাফনের জন্য মরহুমের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাগাজীর উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান হালিমা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭০ সালে দৈনিক সংগ্রাম রিপোর্টার হিসেবে একেএম হানিফের কর্মজীবন শুরু। দেশ স্বাধীন হওয়ার পর দৈনিক আজাদে রিপোর্টার হিসেবে কাজ করেন তিনি।
এরপর সরকারি চাকরি নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে যোগ দেন হানিফ। সর্বশেষ বিএনপি সরকারের আমলে তিনি বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকারি চাকরি শেষে একেএম হানিফ বেসরকারি টেলিভিশন দিগন্ত টিভির এক্সিকিউটিভ ডাইরেক্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
একেএম হানিফের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা আলাদা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
