স্বাস্থ্য রক্ষায় গাছ লাগান: মেয়র আনিসুল
স্বাস্থ্য রক্ষায় গাছ লাগানোর জন্য নগরবাসীকে উদ্বুদ্ধ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
রোববার রাজধানীর মিরপুরে মনিপুর স্কুলে ‘সবুজ ঢাকা’ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে মেয়রের বক্তব্য শুরুর আগে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেন, মিরপুর এলাকার রাস্তাঘাটগুলোর অবস্থা খুব খারাপ।
আনিসুল হক বলেন, আগামী একবছরের মধ্যে মিরপুর এলাকার রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। কিন্তু স্বাস্থ্য রক্ষায় প্রচুর গাছ লাগাতে হবে।
“টাকা খরচ করলে আমরা ভেঙে যাওয়া রাস্তা মেরামত করতে পারব, কিন্তু আমাদের স্বাস্থ্য কে রক্ষা করবে? এটা করতে পারে বৃক্ষরোপণ। তাই নিজে একটি গাছ লাগাও, সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ কর,” স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মেয়র আনিসুল বলেন, পরিবেশ দূষণের কারণে ঢাকার ২৫ ভাগ শিশুর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।
“আমরা যদি সবাই মিলে গাছ যদি লাগাই তাহলে এসব ক্ষতি থেকে আমরা বাঁচব।”
একাজে সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানান মেয়র।
“আমি একা গাছ লাগালে সারাদিনে ১০টা বা সর্বোচ্চ ৫০টা গাছ লাগাব। কিন্তু সবাই মিলে যদি গাছ লাগাই, তাহলে হাজার হাজার গাছ লাগাতে পারব। কাজেই যে শক্তি তোমাদের মধ্যে আছে, তা কাজে লাগালে শুধু ঢাকা শহর নয়। পুরো বাংলাদেশকেই বদলে দিতে পারে।”
ভবিষ্যত প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সবুজ ঢাকা ও প্রাণ-আরএফএলের উদ্যোগে ঢাকার ৪০টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১ লাখ ফল ও ফুলের চারা বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, আমরা নেটওয়ার্ক-এর হেড অব মার্কেটিং মুহাম্মদ সুলাইমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, সংরক্ষিত নারী কাউন্সিলর রাশিদা আক্তার ঝর্ণা, প্রাণ-আরএফএলের ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন, সবুজ ঢাকার চেয়ারম্যান রুপাই ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য কামাল মজুমদার বলেন, মিরপুর এলাকার সড়কের পাশেই বৃক্ষরোপণের জায়গা আছে। তবে এসব জায়গার বেশিরভাগই দখল হয়ে গেছে। এসব উদ্ধার করতে পারলে সেখানে গাছ লাগানো যাবে।
“মিরপুরের মাস্টারপ্ল্যানে কোনো রাস্তাই ৩০ ফুটের কম নাই। রাস্তার পাশে ফুটপাত, খালি জায়গা রয়েছে। কিন্তু বাড়িওয়ালারা রাস্তার জায়গা দখল করে রেখেছে। সিটি করপোরেশন এবং রাজউক মিলে এসব দখল করা জায়গা উদ্ধার করে রাস্তা সম্প্রসারণ করতে হবে। তাহলে সবুজ ঢাকা উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।”
মিরপুর এলাকার রাস্তার পাশের ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানে ইয়াবা বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ করেন তিনি।
“ফুটপাতে তারা শুধু দোকানদারি করে না। বিভিন্ন স্কুল-কলেজের সামনের ফুটপাতের দোকানে তারা ইয়াবা বিক্রি করে। ৫টি ইয়াবা কিনলে একটি ফ্রি। আমাদের স্কুলেই মাঝেমধ্যে বাচ্চাদের চেক করা হয়। আমরা এরকম দুটি কেইস ধরেছি। তাদের টিসি দেওয়া হয়েছে।”
