বিচারকদের চাকরিবিধি: গেজেটের জন্য সরকারকে আরও সময়
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেয়েছে সরকার।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম রোববার ওই গেজেট প্রকাশের জন্য আরও এক মাস সময় চেয়ে আবেদন করলে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগ এই দিন ঠিক করে দেয়।
বার বার সময় দেওয়ার পরও সরকার মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় গত ৮ ডিসেম্বর দুই সচিবকে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুই সচিবের হাজিরার আগে ১১ ডিসেম্বর সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি ‘সিদ্ধান্ত’ দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক পরদিন আদালতের তলবে হাজির হলে প্রধান বিচারপতি বলেন, বিধিমালা নিয়ে “রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।”
সেদিন শুনানি করে গেজেট প্রকাশের নির্দেশনা বাস্তবায়নের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আপিল বিভাগ।
সে অনুযায়ী বিষয়টি রোববার আদালতে উঠলে অ্যাটর্নি জেনারেল বলেন, গেজেট প্রকাশের জন্য আরও সময় প্রয়োজন। আদালত এ বিষয়ে লিখিত আবেদন করতে বললে পরে মাহবুবে আলম এক মাস সময় চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে আপিল বিভাগ আদেশ বাস্তবায়নের জন্য ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় সরকারকে।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে রুলস ফ্রেমিংয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থা কীভাবে কাটানো যায় সেজন্যেই আদালতের কাছে আমি আরও চার সপ্তাহ সময়ের আবেদন করেছিলাম, আদালত তিন সপ্তাহের সময় দিয়েছেন।”
গেজেট প্রকাশই এ অচালবস্থা নিরসনের একমাত্র সমাধান কি না জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “গেজেট তো প্রকাশ করতেই হবে। তার কারণ আমাদের দেশে চাকরির বিষয়ে সমস্ত ডিপার্টমেন্টে রুলস-রেগুলেশনস আছে। সেখানে নিম্ন আদালতের বিচারকদের থাকবে না... যেখানে মাসদার হোসেন মামলার পরে বিচার বিভাগের অফিসিয়াল ম্যাজিস্ট্রেসি আলাদা হয়ে গেছে। এ অবস্থায় তাদের জন্য আলাদা রুলস তো লাগবেই।”
তবে কীভাবে সেটি হবে তা নিয়ে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের ‘চাওয়ার মধ্যে পার্থক্য’ রয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “সেই পার্থক্য কীভাবে কমিয়ে আনা যায় সেটাই এখন আমাদের প্রধান বিবেচ্য বিষয়।”
সেই পার্থক্যটি কী- এ প্রশ্নে তিনি বলেন, “আইন মন্ত্রণালয় যেভাবে চেয়েছিলেন, তাতে আমাদের সুপ্রিম কোর্ট কিছু যোগ করেছিলেন। সেই সংযুক্তিতে নিম্ন আদালতের বিচারকদের শাস্তিমূলক ব্যবস্থা বা তাদের চাকরির বিভিন্ন বিষয়ে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শরও বিধান রাখার কথা রয়েছে। এটি বিস্তারিত বিষয়, সংক্ষেপে বলা যাবে না।”
আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে ‘একটু সমঝোতা হলেই’ এ সমস্যা কাইয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।
মামলা বৃত্তান্ত
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
সরকারের খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে গত ২৮ আগাস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ।
এরপর ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেইসঙ্গে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয় আইন মন্ত্রণালয়কে। এরপর দফায় দফায় সময় চাওয়া হলেও সেই গেজেট আর প্রকাশ হয়নি।
