পাঠ্যপুস্তকের ভুলের জন্য দায়ীদের শাস্তির দাবি
পাঠ্যবইয়ের ভুল ও তথ্য বিকৃতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লেখক-শিল্পী সাংবাদিক-সাংস্কৃতিককর্মী ও অনলাইন অ্যাক্টটিভিস্টরা।
শনিবার রাজধানীতে পৃথক সমাবেশে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক বিষয়বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খান হিন্দুয়ানি বলে অনেক সাহিত্য পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছিল। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সরকার এটা করছে- তা মাথায় ঠেকছে না।
“আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ করছি না। এই রকম অবস্থায় তার নিজেরই পদত্যাগ করা উচিত ছিল।”
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট জীবন জয়ন্ত বলেন, পাঠ্যপুস্তক থেকে অমুসলিম লেখকদের লেখা সরিয়ে দিতে হবে এটা ওলামা লীগের দাবি ছিল। সেই দাবি পূরণ করা হচ্ছে হিন্দু কর্মকর্তাদের দ্বারা।”
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসুচিতে সংগঠনটির সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, শিশুদের মনে অত্যন্ত সুকৌশলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ঢোকানো হচ্ছে।
পাঠ্যবইয়ের ভুল ও তথ্য বিকৃতির সঙ্গে যুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বছরের প্রথম দিন ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীরর হাতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করে সরকার।
শিক্ষার্থীদের হাতে নতুন বই যাওয়ার পর থেকেই বিভিন্ন ভুল-ত্রুটি ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
এর জের ধরে ৬ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের সব বই পরিমার্জনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এরপর ১০ জানুয়ারি এনসিটিবি ডিজাইনার সুজাউল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
