২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে শুরু হচ্ছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

অবহেলিত কারুশিল্পী ও লোকসংগীত শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘লোককারুশিল্পমেলা ও লোকজ উৎসব’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 09:53 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

শনিবার বেলা ১১টায় সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ মঞ্চে এ মেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এ মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধনীতে অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজের উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলার লক্ষ‌্য ও উদ্দেশ‌্য নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের নিজস্ব লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের অনন্য উপাদান পুনরুদ্ধার ও নতুন প্রজন্মকে তার সাথে পরিচয় করানোর প্রচেষ্টায় এ মেলার আয়োজন।

“গ্রাম-বাংলায় ছড়িয়ে থাকা অবহেলিত কারুশিল্পী, লোকসঙ্গীত শিল্পীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিভা বিকাশ ও প্রকাশের সুযোগ করে দেওয়াই এ মেলা ও লোকজ উৎসবের অন্যতম উদ্দেশ্য।”

এবার গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম ‘মৃৎশিল্পের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করা হবে। মৃৎশিল্পের বিশেষ প্রদর্শনী আয়োজন উপলক্ষে গবেষণামূলক একটি ক্যাটালগ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবার মৃৎশিল্পে প্রথিতযশা রাজশাহী ও ঢাকা অঞ্চলের আটজন শিল্পী প্রদর্শনীতে অংশ নেবেন।

বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ৫৪ জন কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছে। নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, মুন্সিগঞ্জের শীতল পাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটির ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প, ঠাকুঁরগায়ের বাঁশ ও শিকার কারুশিল্প এ মেলায় স্থান পাচ্ছে।

মেলায় মোট স্টলের সংখ্যা ১৯৩টি। তারমধ্যে-কর্মরত কারুশিল্পীদের কারুপণ্য উৎপাদন প্রদর্শনীর স্টল থাকবে ২৭টি, হস্তশিল্প ৪৬টি, পোশাক ৪৩টি, স্টেশনারি ও কসমেটিক্স ৩৫টি, খাবার স্টল ২৫টি ও মিষ্টির স্টল থাকবে ১৭টি।

এবারের আয়োজনে চারজন কারুশিল্পীকে ‘কারুশিল্পী পদক-২০১৬’ প্রদান করা হবে। এর মধ্যে থাকবে একটি এক ভরি ওজনের স্বর্ণপদক ও ত্রিশ হাজার টাকা। পাটজাত কারুশিল্পে সুফিয়া আক্তার, শীতল পাটি শিল্পে সবিতা মোদি, সরাচিত্রে সুধন্য চন্দ্র দাস এবং তামা-কাঁসা-পিতল মাধ্যমে মানিক সরকার এ পদক পাচ্ছেন।

মাসব্যাপী এ মেলা ও লোকজ উৎসবের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারিগান, সারিগান, হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভাণ্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান, বান্দরবান, কমলগঞ্জের-মণিপুরী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতিগান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনীর আয়োজন থাকছে এবারের মেলায়।  

মাসব্যাপী মেলা ও লোকজ উৎসবে শিল্পী মমতাজ বেগম, বারী সিদ্দিকী, ইন্দ্র মোহন রাজবংশী, দীপ্তি রাজবংশী, ফকির আলমগীর, কিরণ চন্দ্র রায়, অনিমা মুক্তি গোমেজ, আনিসা, ডেইজি, মধু, রুবি সরকার, ছোট খালেক দেওয়ান, আইনাল হক বাউলসহ প্রায় শতাধিক শিল্পী সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করবেন।