২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী জিয়া আহতের ঘটনায় অভিনেতা কল‌্যাণ কোরাইয়াকে জিজ্ঞাসাবাদ

প্রাইভেটকারের ধাক্কায় প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

পুরনো খবর:

আলোকচিত্রী জিয়াকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর
দুর্ঘটনায় প্রথম আলোর আলোকচিত্রী জিয়া আহত

ক‌ল‌্যাণ কোরাইয়া দাবি করেছেন, সোমবার মধ‌্যরাতে তার গাড়িও দুর্ঘটনায় পড়েছিল। তবে তা ঘটেছে তেজগাঁও থানার কাছে, যার সঙ্গে জিয়ার দুর্ঘটনার সম্পর্ক নেই।

সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন আলোকচিত্রী জিয়া। তিনি এখন অ‌্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার কল‌্যাণ কোরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন‌্য কলাবাগান থানায় ডেকে নেয় পুলিশ।

সন্ধ্যায় অভিনেতা কল্যাণ কোরাইয়া ফেইসবুকে “আই এম ইননোসেন্ট” স্ট‌্যাটাস দিলে তা অনেকের নজরে পড়ে।

ওই লেখার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই, বহু ঝামেলায় আছি, পরে কথা বলি। কথা বলার পারমিশন নাই এখন।”

সোমবার মধ‌্যরাতে জিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রায় একই সময়ে কল‌্যাণও হাসপাতালে গিয়েছিলেন।

কল‌্যাণের দাবি, তার গাড়ির দুর্ঘটনায় আহত ব‌্যক্তিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

তিনি বলেন, “আমি গেছি আমার রোগী নিয়ে হাসপাতালে, আর উনারা গেছে উনাকে (জিয়া) নিয়ে।”

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে- জানতে চাইলে কল‌্যাণ বলেন, “আমারটি (তার গাড়ি দুর্ঘটনা) তেজগাঁও থানার এখানে হয়েছে। আর উনার (জিয়া) ঘটনাটি অন্য জায়গায়। দুটি আলাদা ঘটনা।”

‘আই এম ইনোসেন্ট’ স্ট্যাটাস কেন দিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, “আমার ঘটনাটি নিয়ে দিয়েছি। আচ্ছা ভুল হয়েছে, তা তুলে নিচ্ছি।”

পুলিশ কল‌্যাণ কোরাইয়ার বক্তব‌্য খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কল্যাণ কোরাইয়া স্বীকার করছে না। সে (কল্যাণ) বলছে, তার গাড়ির দুর্ঘটনাটি তেজগাঁও থানার কাছে হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

Image
জিয়া ইসলাম

জিয়া ইসলাম

জিয়ার দুর্ঘটনার বিষয়ে এখনও কোনো মামলা হয়নি বলে জানান কলাবাগান থানার ওসি মো. আরাফাত হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম আলোর লোকজন আসছে। তারপর হবে।”

কল্যাণ কোরাইয়া কি এ ঘটনায় জড়িত- জানতে চাইলে ওসি বলেন, “সে (কল্যাণ) থানায় আছে। তার কাছে জানতে চেয়েছি। ভুক্তভোগীসহ সবাই আসলে বিষয়টি নিয়ে আলোচনা হবে।”

জিয়াকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল থেকে অ‌্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। 

প্রথম আলোর অপরাধ বিষয়ক প্রতিবেদক কমল জোহা খান বলেন, “জিয়ার ডান পা ভেঙে গেছে। বুকে প্রচণ্ড আঘাত রয়েছে। মাথায়ও আঘাত পেয়েছেন। তার জ্ঞান রাতের পর আর ফেরেনি।”