২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী জিয়াকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 02:58 PM

Updated : 19 Aug 2022, 03:26 PM

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ‌্যাপোলোতে স্থানান্তর করা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

জিয়ার সহকর্মী শরিফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍“আপাতত অ্যাপোলো হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে দ্রুত দেশের বাইরে নেওয়ার চেষ্টা করা হ‌বে।”

সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা জিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে রাখা হয় আইসিইউতে।

ঢাকা মেডিকেলে জিয়াকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে জানান প্রথম আলোর অপরাধ বিষয়ক প্রতিবেদক কমল জোহা খান।

তিনি বলেন, “জিয়ার ডান পা ভেঙে গেছে। বুকে প্রচণ্ড আঘাত রয়েছে। মাথায়ও আঘাত পেয়েছেন। তার জ্ঞান রাতের পর আর ফেরেনি।”

পুরনো খবর:

দুর্ঘটনায় প্রথম আলোর আলোকচিত্রী জিয়া আহত