২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে ত্রুটি: বিমানের আরও ২ কর্মকর্তা রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির ঘটনায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুই কর্মকর্তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 07:18 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

এরা হলেন- বিমানের প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং অফিসার) নাজমুল হক ও কনিষ্ঠ টেকনিশিয়ান শাহ আলম।

ঢাকার মহানগর হাকিম নুরুনাহার ইয়াসমিন মঙ্গলবার শুনানি শেষে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।

সোমবার গ্রেপ্তার হওয়া এই দুই কর্মকর্তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শক মাহবুবুল আলম।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সালমা হাই টুনি। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এই ঘটনায় এর আগে বিমানের আরও সাত কর্মকর্তাকে দুই দফায় ১৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।

এরা হলেন- বিমানের চিফ ইঞ্জিনিয়ার (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এস এ সিদ্দিক, ভারপ্রাপ্ত মুখ্য প্রকৌশলী (এনসিসি) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা লুৎফর রহমান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।

এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে ত্রুটি: রিমান্ড শেষে কারাগারে বিমানের ৭ কর্মকর্তা