প্রধানমন্ত্রীর উড়োজাহাজে ত্রুটি: রিমান্ড শেষে কারাগারে বিমানের ৭ কর্মকর্তা
প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির ঘটনায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাত কর্মকর্তাকে দ্বিতীয় দফায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী আসামিদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩০ ডিসেম্বর সাত দিনের পুলিশ হেফাজত শেষে এই সাত কর্মকর্তাকে দ্বিতীয় দফায় আট দিনের হেফাজতে পাঠায় আদালত।
এই কর্মকর্তারা হলেন- বিমানের চিফ ইঞ্জিনিয়ার (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এস এ সিদ্দিক, ভারপ্রাপ্ত মুখ্য প্রকৌশলী (এনসিসি) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা লুৎফর রহমান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।
এরপর গত ২২ ডিসেম্বর বিমানের এই সাত কর্মকর্তাকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে চাইলে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়।
