২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটালাইজড’ সেবায় সাইবার নিরাপত্তা বাড়ানোর তাগিদ

রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা দ্রুততর ও সহজ করতে দাপ্তরিক কর্মকাণ্ডকে ‘ডিজিটালাইজড’ করার পাশাপাশি নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়ার তাগিদ এসেছে রাজধানীর একটি সেমিনার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 06:47 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

সোমবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অগ্রাধিকারসমূহ বাস্তবায়নে বুদ্ধিদীপ্ত ব্যবস্থাবলি’ শীর্ষক এক সেমিনারে এ বিষয়ে জোর দেওয়ার কথা বলেন বক্তারা।

ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত এই সেমিনারে দেশের মন্ত্রণালয়গুলোর দাপ্তরিক কর্মকাণ্ডে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সদস্য ড. শামসুল আলম।

কমিশনের অর্থনীতি বিভাগের এই সদস্য বলেন, “আমাদের ডিজিটালাইজেশনে অবশ্যই যেতে হবে, তবে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরের আগে ইলেক্ট্রনিক নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

“বাংলাদেশ ব্যাংক ডিজিটালাইজড হবার পর হ্যাকিংএর শিকার হয়েছে। হ্যাকিং বর্তমানে আধুনিকায়নের একটি বড় বাঁধা। ইলেক্ট্রনিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনা প্রয়োজন।”

সেমিনারে প্রধানমন্ত্রীর দপ্তরের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের উপদেষ্টা আনীর চৌধুরী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য দীর্ঘমেয়াদী ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া জরুরি।

এ সময় ‘প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, বিনিয়োগকারী এবং ইঞ্জিনিয়ারদের সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন এই উপদেষ্টা।

সেমিনারে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় অগ্রাধিকার প্রাপ্ত লক্ষ্য মেটাতে দেশের সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড ডিজিটালাইজেশনে রূপান্তরিত করার বিষয়টি উঠে আসে।

দুর্নীতি হ্রাসে ইলেক্ট্রনিক প্রকিউরমেন্ট, ল্যান্ড ডিজিটাইজেশন, গ্রাম পর্যায়ে সুবিচার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহ শক্তিশালীকরণ এবং তৈরি পোশাক কারখানার কমপ্লায়েন্স বিষয়ে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

২০১৫ সালের ২০ অক্টোবর প্রধানামন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৫-২০২০) অনুমোদন দেওয়া হয়।

ডিজিটাল প্রযুক্তির প্রসারের মাধ্যমে মূলধন ও শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানিমুখী বাণিজ্য ও শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং সবুজ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি টেকসই, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ুসহিষ্ণু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলাই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য।

সেমিনারে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ঢাকা চেম্বারের গবেষক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি ছাড়াও অন্যান্য গবেষক ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।