তুরিনের গাড়িতে বাইকের ধাক্কা, কিশোর আটক
গাইবান্ধার পলাশবাড়ীতে হামলার শিকার হয়েছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার তুরিন আফরোজ দাবি করার পর পুলিশ মোটর সাইকেল চালক এক কিশোরকে আটক করেছে।
তুরিন আফরোজ সোমবার বিকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবাকে দাফন করে নীলফামারী থেকে ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে হামলার মুখে পড়েন তিনি।
এই আইনজীবীর বাবা সাবেক কর কর্মকর্তা তছলিম উদ্দিন আহমেদ গত মঙ্গলবার মারা যান। নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে সোমবার ফিরছিলেন তুরিন।
তুরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার দাফন শেষে ঢাকায় ফিরছিলাম। বেলা সাড়ে ৩টার দিকে পলাশবাড়ীতে গাড়ি পৌঁছালে সেখানে হামলা হয়। আমি অক্ষত আছি। বর্তমানে ঢাকার পথে আছি।”
কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তুরিন।
গাইবান্ধা পুলিশ বলছে, পলাশবাড়ী উপজেলা শহরের শিল্পী হোটেল মোড়ে তুরিন আফরোজের প্রাইভেটকারটিকে মোটর সাইকেল দিয়ে ধাক্কার দেওয়ার অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক কিশোরের বাড়ি কিশোরগাড়ী ইউনিয়নের জায়তরবালা গ্রামে, তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুরিন আফরোজের প্রাইভেটকারটি ওই মোড় অতিক্রমের সময় একটি সংযোগ (পলাশবাড়ী কলেজ রোড) সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ওই মোটর সাইকেলের ধাক্কা লাগে। এক কিশোর মোটর সাইকেলটি চালাচ্ছিল। তার বন্ধু পেছনে বসা ছিল।”
মোটর সাইকেল চালক ওই কিশোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
তিনি বলেন, “ওই কিশোরের একাধিক প্রতিবেশী পুলিশকে বলেছে, সে সবেমাত্র মোটরসাইকেল চালানো শিখেছে। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। তারপর এই দুই কিশোরের সম্পর্কে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।”
