২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লটে অনিয়ম: মির্জা আব্বাসের মামলায় স্থগিতাদেশ বহাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 11:43 AM

Updated : 19 Aug 2022, 03:25 PM

দুদকের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আব্বাসের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।

খুরশীদ আলম পরে সাংবাদিকদের বলেন, গত বছরের ১৪ ডিসেম্বর হাই কোর্ট মামলাটির কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। ওই আদেশ স্থগিত চেয়েছিল দুদক।

“গত ২৭ ডিসেম্বর চেম্বার বিচারপতি এ আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আজ এ আবেদনের ওপর শুনানি শেষে হাই কোর্টের আদেশ বহাল রাখা হয়েছে।” 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের মাধ‌্যমে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় এ মামলা করে দুদক।

ঢাকার বিশেষ জজ আদালত গত ২০ অক্টোবর এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে তা বাতিল চেয়ে তিনি হাই কোর্টে আবেদন করেন।

তার আবেদনের শুনানি করে ১৪ ডিসেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। পাশাপাশি অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়।