আদালতের নির্দেশে তদন্ত না করায় এসআইকে তলব
আদালতের নির্দেশের পরেও সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের এক মামলা তদন্ত না করে তা অন্য কোনো সংস্থাকে দিয়ে করাতে বলায় ঢাকার উত্তরা পূর্ব থানার এক উপ-পরিদর্শককে তলব করা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা গত ২২ ডিসেম্বর এসআই আলম মিয়াকে তলবের আদেশ দিলেও বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।
আগামী ৮ জানুয়ারি পুলিশের এই কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে বলে আদালতের পেশকার ইমরান হোসেন জানান।
তলব আদেশে বিচারক বলেন, “এসআই আলম মিয়া কেন এ ধরনের প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন বা কোন আইন অনুযায়ী এ পুলিশ কর্মকর্তা আদালতকে অন্য কোনো এজেন্সি বা সিআইডি কর্তৃক তদন্তের নির্দেশ দিয়েছেন, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা করতে সশরীরে হাজির হতে বলা হল।”
প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এসএম ইকবাল বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা নেওয়ার আবেদন হয়। আবেদনটি করেছিলেন ওই ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুস সালাম।
আখতারুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন তিনি।
বিচারক মেহের নিগার সূচনা উত্তরা (পূর্ব) থানা পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব পান এসআই আলম মিয়া।
এতদিন পেরিয়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য তদন্তে সময় দিতে না পারার কথা বলেন তিনি।
