তাভেল্লা হত্যা: গভর্নরের বাসার দুই নিরাপত্তাকর্মীর সাক্ষ্য
গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাসভবনের দুই নিরাপত্তা প্রহরী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এরা হলেন- খলিলুর রহমান ও আবদুল মমিন। তাদের আগে গভর্নরের বাসভবনের দারোয়ান আজিজুল ইসলাম সাক্ষ্য দেন।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাতে ওই হত্যাকাণ্ডের সময় খলিল ও মমিন গুলশান-২ নম্বরে ঘটনাস্থলের কাছেই গভর্নরের বাসায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে আদালতের পেশকার ফয়েজ আহমেদ জানান।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি তাপস পাল বলেন, এই দুই সাক্ষী সেদিন গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। তারা শুনেছিলেন একজন বিদেশি নাগরিককে গুলি করা হয়েছে।
এ নিয়ে আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে তিন জনের সাক্ষ্য নেওয়া হলো।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আগামী ২৫, ২৯ ও ৩০ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন।
প্রথম সাক্ষী আজিজুল জবানবন্দিতে বলেন, হত্যাকাণ্ডের দিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গভর্নর কোয়ার্টারের দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে সরকারি কোয়ার্টারের পশ্চিম দিকে দেওয়ালের বাইরে একটি শব্দ পান জানিয়ে জবানবন্দিতে আজিজুল বলেছিলেন, “পরে বুঝতে পারি এ শব্দটি পূর্ব দিক থেকে এসেছে। পূর্ব দিকে গিয়ে দেখি রাস্তায় একজন বিদেশি নাগরিক দৌড়ে আমার দিকে আসছে।
“আমাকে ক্রস করে পশ্চিম দিকে যাওয়ার সময় ইংরেজিতে যেন কী বলে। তখন পেছন ফিরে দেখি গুলশান ২ নম্বরের নব্বই নম্বর সড়কের মাথায় সে প্রথমে বসে পড়ে, তারপর শুয়ে পড়ে। এর মধ্যেই রাস্তা দিয়ে আসা অন্যান্য লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যায়।”
এ মামলায় গত ২৫ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
অন্য অভিযুক্তরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফ।
এদর মধ্যে ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।
আসামিদের মধ্যে কাইয়ূম ও ভাঙ্গারি সোহেল ওরফে সোহেল পলাতক। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) রয়েছেন।
গত বছর লেখক, প্রকাশক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর জঙ্গি হামলার পর তাভেল্লাকে হত্যার ওই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তোলে। কূটনীতিকপাড়া গুলশানের যে স্থানে এই ইতালীয়কে গুলি করে হত্যা করা হয় তার কাছেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোয়ার্টার।
