২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যা: পিছিয়েছে গভর্নরের বাসার দারোয়ানের বাকি সাক্ষ্য

ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় সাক্ষী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাসভবনের দারোয়ান আজিজুল ইসলাম অসুস্থ থাকায় অবশিষ্ট সাক্ষ্য দিতে আদালতে আসতে পারেননি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 07:40 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মঙ্গলবার এই মামলায় তার অবশিষ্ট সাক্ষ্য দেওয়ার কথা ছিল।

এই আদালতে গত বছরের ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের ৪ নম্বর সাক্ষী আজিজুল ইসলামের আংশিক সাক্ষ্য নেওয়ার মাধ্যমে তাভেল্লা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

অবশিষ্ট সাক্ষ্য নেওয়ার জন্য মঙ্গলবার দিন রাখলেও তিনি উপস্থিত হতে না পারায় আদালত আগামী বুধবার নতুন দিন ঠিক করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের মামলায় অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল। 

প্রথমদিন জবানবন্দি দেওয়ার পরই আজিজুলকে একজন আসামির পক্ষে আংশিক জেরা করেছিলেন আইনজীবী জসিম উদ্দিন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে তাভেল্লাকে হত্যার আলোচিত ঘটনায় গত ব্ছরের ২৫ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ওয়ার্ড কমিশনার এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

এর আগে গত ২৭ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী হাকিম আদালতে ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

অভিযোগে বিএনপি নেতা কাইয়ুম ছাড়া যাদের নাম রয়েছে তারা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফ ও ‘ভাঙ্গারি সোহেল’।

এদের মধ‌্যে ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এদিকে মামলার আসামিদের মধ্যে বিএনপি নেতা কাইয়ুমসহ ও সোহেল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র ইতোমধ্যে গাজী জিল্লুর রহমান নামে একজন নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল।

গত বছর লেখক, প্রকাশক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর জঙ্গি হামলার পর তাভেল্লাকে হত্যার ওই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তোলে। কূটনৈতিক পাড়া গুলশানের যে স্থানে এই ইতালীয়কে গুলি করে হত্যা করা হয় তার কাছেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোয়ার্টার।

হত্যাকাণ্ডের দিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গভর্নর কোয়ার্টারের দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করার কথা আজিজুল জবানবন্দিতে জানিয়েছিলেন।

আইনজীবী তাপস বলেন, গত বছরের নভেম্বরে ওই আংশিক জবানবন্দি নেওয়া হলেও ডিসেম্বর মাস আদালতে বার্ষিক অবকাশকালীন ছুটি থাকায় এ মামলাটিতে দ্রুত তারিখ রাখতে পারেননি বিচারক।

কিন্তু এ মামলার বিচার দ্রুত শেষ করার চেষ্ট রয়েছে বলেন মন্তব্য করেন তিনি।

পুরনো খবর:

তাভেল্লা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু