২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগতীরের উচ্ছেদ পরিস্থিতি নিয়ে বিচারিক তদন্তের নির্দেশ

তুরাগ নদীর টঙ্গী কামারপাড়া ব্রিজের দুই পাশে উচ্ছেদ অভিযান চালানোর পরও কোনো অবৈধ স্থাপনা আছে কি না তার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 03:30 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

একটি মানবাধিকার সংগঠনের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদেশে গাজীপুরের মূখ্য বিচারিক হাকিমকে তদন্ত শেষ করে ১ মার্চ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।মুখ্য বিচারিক হাকিমের অপারগতায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম বা তার উপরের পর্যায়ের কর্মকর্তা দিয়ে তদন্ত করতে বলেছে আদালত।

চার নদীর মামলার সীমানা জরিপ অনুসারে টঙ্গীর কামারপাড়া ব্রিজের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে কিনা তাও তদন্ত প্রতিবেদনে তুলে ধরতে বলা হয়েছে। 

পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং টঙ্গী ও তুরাগ থানার ওসিকে তদন্তকাজে সহায়তা করতে বলেছে আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ; বিআইডব্লিউটিএর পক্ষে সৈয়দ মফিজুর রহমান।

পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী, বিআইডব্লিউটিএ গত বছরের ২৭ নভেম্বর আংশিক তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলে। আজ বিআইডব্লিউটিএ একটি সচিত্র তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে ওই এলাকা থেকে ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা উল্লেখ করা হয়েছে।

“আমাদের কাছে গ্রহণযোগ্য প্রমাণ রয়েছে যে, নদীর জমিতে আরও অবৈধ স্থাপনা রয়েছে। তাই বিষয়টির পুনরায় তদন্ত চেয়েছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত আজ বিচার বিভাগীয় তদন্তের এই নির্দেশ দিয়েছেন।”

গত ৬ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন অংশে তুরাগ নদী ভরাটের মাধ্যমে স্থাপনা নির্মাণের তথ্য তুলে ধরা হয়।

প্রকাশিত ওই প্রতিবেদন সংযুক্ত করে গত ৭ নভেম্বর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ একটি রিট আবেদন করেন।

ওই আবেদনে সাড়া দিয়ে গত ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার মধ্যে তুরাগ নদীর ওই এলাকা থেকে মাটি ভরাট, দখল ও নির্মাণ কাজ বন্ধে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ওয়াপদা ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং টঙ্গী ও তুরাগ থানার ওসিকে নির্দেশ দেয় হাই কোর্ট।

নদী ভরাটের সঙ্গে জড়িতদের নামের একটি তালিকা তিন সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসককে ।

ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

নদী দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণ বন্ধে কেন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং যেটুকু ভরাট ও স্থাপনা নির্মাণ করা হয়েছে তা ভরাটকারীদের নিজ খরচে অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।