একুশে বইমেলা: মুচলেকা দিলে ১৫ প্রকাশনীর শাস্তি বাতিল
স্টলের স্থান পরিবর্তন করে নীতিমালা ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হওয়া ১৫টি প্রকাশনী এবারের একুশে বইমেলায় মুচলেকা দিয়ে বেঁচে যাচ্ছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
নীতিমালার বাইরে গিয়ে লটারিতে পাওয়া স্টলের অবস্থান পরিবর্তন করায় এর আগে গত ২৭ ডিসেম্বর এক ইউনিট কম স্টল বরাদ্দের শাস্তি নিশ্চিত করে এই ১৫ প্রকাশনা সংস্থার জন্য চিঠি দেওয়ার কথা জানানো হয়েছিল একাডেমির পক্ষ থেকে।
ওই চিঠির জবাবে এই প্রকাশনা সংস্থাগুলো ‘নিঃশর্ত ক্ষমা চাওয়ায়’ একাডেমির এক অভ্যন্তরীণ আলোচনায় ‘মুচলেকা দেওয়ার শর্তে' তাদের এবারের শাস্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
বাংলা একাডেমির এই পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের শাস্তি নির্ধারণ করে চিঠি দিয়েছিলাম। তারা নিঃশর্ত ক্ষমা চেয়ে চিঠির জবাব দিয়েছেন।
“সে জবাবের ভিত্তিতে পরিচালনা কমিটির কাছে এ ধরনের কাজ পুনরায় করবে না, এমন মুচলেকা দিলে তাদের শাস্তি তুলে নেওয়া হবে।”
স্থান বদল করে চিঠি পাওয়া প্রকাশনা সংস্থাগুলোর গেলবারের বরাদ্দ পাওয়া ইউনিট থেকে এক ইউনিট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেলা পরিচালনা কমিটি।
এর মধ্যে এক ইউনিটের সাতটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- প্ল্যাটফর্ম, রেয়ার বুকস, চিত্রা প্রকাশনী, চর্চা গ্রন্থ প্রকাশ, রিয়া প্রকাশনী ও মা প্রকাশনী; দুই ইউনিটের পাঁচ স্টলের মধ্যে রয়েছে- মৌলি প্রকাশনী, জাতীয় গ্রন্থ প্রকাশন, সালাউদ্দিন বইঘর, গদ্যপদ্য ও শব্দশিল্প; তিন ইউনিটের স্টল ছিলো সুবর্ণ; চার ইউনিটের দুই স্টলের মধ্যে রয়েছে অ্যাডর্ন পাবলিকেশন্স ও তাম্রলিপি এবং একমাত্র প্যাভিলিন হিসেবে ছিল কাকলী প্রকাশনী।
এদিকে আসছে একুশে বইমেলায় অংশ নিতে সঠিক কাগজপত্র না জমা দেওয়ায় বাংলা একাডেমি ১০টি প্রকাশনীকে চিঠি পাঠিয়েছে বলে জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
তিনি বলেন, মেলায় অংশ নেওয়ার জন্য প্রাথমিক আবেদনপত্রের সঙ্গে তিনটি কাগজ- ট্রেড লাইসেন্স, আয়কর প্রদানের কাগজ এবং জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসে বই জমা দেওয়ার রশিদ জমা দেওয়া বাধ্যতামূলক করে দেয় মেলা পরিচালনা কমিটি।
এর মধ্যে পূর্বে মেলায় অংশ নেওয়া ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান সঠিকভাবে এসব কাগজপত্র জমা দেয়নি। তাদেরকে দুই দিনের সময় বেঁধে দিয়েছে কমিটি। এর মধ্যে কাগজ জমা না দিলে, তাদেরকে স্টল বরাদ্দ দেওয়া হবে না।
নতুন করে আবেদন করা যেসব প্রতিষ্ঠান এসব কাগজপত্র জমা দেয় নি তাদের আবেদন বাতিল করা হয়েছে বলেও জানান একাডেমির পরিচালক জালাল।
বাড়ছে ইউনিট সংখ্যা
এবারের মেলায় আগের বারের থেকে স্টলের ইউনিট ও স্টল সংখ্যা দুটোই বাড়ছে বলে জানিয়েছেন জালাল আহমেদ।
তিনি জানান, এবারের মেলার স্টল সংখ্যা গতবারের চেয়ে মাত্র ১১টি বাড়ছে; সেই সঙ্গে ইউনিট বাড়ছে ১৪টি।
এবারের মেলায় অংশ নেওয়ার জন্য সর্বমোট ৩৭৭টি প্রকাশনা সংস্থা আবেদন করে জানিয়ে জালাল বলেন, তাদের মধ্যে প্রথমবারের মতো স্টল চেয়ে আবেদন করে ৬৬টি প্রতিষ্ঠান, যাদের মধ্যে মাত্র ১১ প্রতিষ্ঠানকে এবার এক ইউনিট করে স্টল বরাদ্দ দেওয়া হবে।
এছাড়াও ১২টি প্রতিষ্ঠান নতুন করে প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেছিল, তাদের কারও আবেদনই গ্রহণ করা হয় নি। ফলে গতবারের মতো এবারও বাংলা একাডেমির দুইটিসহ মোট ১৩টি প্যাভিলিন থাকছে এবারের মেলায়।
একাডেমির এই পরিচালক আরও জানান, নয়টি প্রতিষ্ঠান তিন ইউনিটের বদলে চার ইউনিটের জন্য, ২৪টি প্রতিষ্ঠান দুই ইউনিট থেকে তিন ইউনিটের জন্য আবেদন করেছিল। কিন্তু তাদের কারও আবেদনই গ্রহণ করা হয়নি।
এক ইউনিট থেকে দুই ইউনিটে উন্নত করার জন্য ৩৬টি প্রতিষ্ঠান আবেদন করে, যার মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করা হয়েছে।
আগামী ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মেলায় অংশ নেওয়ার জন্য মূল আবেদনপত্র গ্রহণ ও জমা দিতে হবে। ১৭ জানুয়ারি মেলার স্থান বরাদ্দের জন্য লটারি অনুষ্ঠিত হবে।
১৮ জানুয়ারি স্টল বুঝে পেয়ে ২৬ জানুয়ারির মধ্যে স্টল বানাতে হবে বলে প্রকাশনী সংস্থাগুলির প্রতি একাডেমির নির্দেশনা রয়েছে।
