সেই ৭ মামলায় চার্জশিট হচ্ছে ইউসুফ মৃধার বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগে বরখাস্ত রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যাবস্থাপক ইউসুফ আলী মৃধাকে যে সাত মামলায় অব্যহতি দেওয়া হয়েছিল, তার সবগুলোতেই পুনঃতদন্ত শেষে নতুন করে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের উপপরিচালক (গণসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আদলত সেগুলো পুনঃতদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত শেষে মামলাগুলোর চার্জশিট অনুমোদন করেছে কমিশন।”
তিনি জানান, মঙ্গলবার একটি মামলার অভিযোগপত্র অনুমোদন বরা হয়েছিল। বুধবার বাকি ছয়টির অনুমোদন দেওয়া হয়। শিগগিরই সেগুলো আদালতে জমা দেওয়া হবে।
২০১২ সালের ৯ এপ্রিল রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে শোরগোল শুরু হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়, ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। রেলের জিএম ইউসুফ এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন।
এরপর তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ইউসুফ মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ওমর ফারুকও।
অনুসন্ধানে দেখা যায়, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন পদে ১ হাজার ১১৭ জনকে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল। সেই তথ্য উপাত্তের ভিত্তিতে ২০১২ সালে মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা করে দুদক।
কিন্তু তদন্ত শেষে সাতটি মামলায় ইউসুফ আলী মৃধাকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চার্জশিট দেয় দুদক। গুডস সহকারী, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, কার্পেন্টার, শরীরচর্চা শিক্ষক, কোর্ট ইন্সপেক্টর নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মামলাগুলো করা হয়।
গতবছর জানুয়ারি মাসে চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই সাত মামলার নথি অধিকতর তদন্তের জন্য দুদকের চট্টগ্রাম কার্যালয়ে ফেরত পাঠান।
এদিকে ২০১২ সালে দুদক অনুসন্ধান শুরুর পরপরই আত্মগোপণে চলে যান ইউসুফ আলী মৃধা। পরে ২০১৪ সালের ৩ মার্চ তিনি চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউসুফ মৃধার বিরুদ্ধে আদালতে আলাদা মামলা রয়েছে।
