২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলার অভিযোগপত্র থেকে রেলের ইউসুফ মৃধা বাদ

রেলে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের করা দুটি মামলার অভিযোগপত্র থেকে পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে বাদ দেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 07:47 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলা দুটির অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত আগামী ২৭ অগাস্ট মামলা দুটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এই প্রথম পূর্ব রেলের আলোচিত নিয়োগ দুর্নীতির ঘটনায় করা কোনো মামলায় ইউসুফ মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হল।

এর আগে টিকেট ইস্যুয়ার, টুল কিপার, সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ অনিয়মের অভিযোগে করা চার মামলায় মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুডস সহকারী ও রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে করা দুটি মামলায় তদন্ত শেষে দেয়া অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধাকে অর্ন্তভুক্ত করা হয়নি।

“গুডস সহকারী পদের মামলায় সাবেক রেল কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং রেকর্ড কিপার পদের মামলায় গোলাম কিবরিয়া ও সরওয়ার আলমকে আসামি করা হয়েছে।”

রোববার অভিযোগপত্র দেয়া গুডস সহকারী পদের মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফাইয়াজ আলম। রেকর্ড কিপার পদের মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

দুদকের আইনজীবী মাহমুদুল বলেন, মামলায় এজাহারভুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া না গেলে তদন্ত শেষে আদালতে দেয়া অভিযোগপত্রে ওই আসামিকে বাদ দেয়ার বিধান আছে।

২০১২ সালের ৯ এপ্রিল গভীর রাতে রাজধানীর বিজিবি সদর দপ্তরে তৎকালীন রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন ওমর ফারুকও।

এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১৪টি মামলা করেছে দুদক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউসুফ মৃধার বিরুদ্ধে আলাদা মামলাও হয়েছে।