২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা ৩৪.৪৮% কমেছে: যাত্রী কল্যাণ সমিতি

২০১৬ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আগের বছরের তুলনায় ৩৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 07:24 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

পুরনো খবর:

২০১৫ সালে সড়কে নিহত ৮,৬৪২ জন: যাত্রী কল্যাণ সমিতি
সড়ক দুর্ঘটনা কমেছে ১৪.৬৩%: নিসচা

যাত্রী কল্যাণ সমিতি উপস্থাপিত এক প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কমার এই হার জানানো হয়, যা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত হারের চেয়ে ২৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।

‘নিরাপদ সড়ক চাই’ এর মতো যাত্রী কল্যাণ সমিতিও সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির এই প্রতিবেদন তৈরি করেছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত নিজেদের প্রতিবেদন প্রকাশ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, সড়ক দুর্ঘটনা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ছয় হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনায় আট হাজার ৬৪২ জন নিহত ও ২১ হাজার ৮৫৫ জন আহত হয়। আর বিদায়ী ২০১৬ সালে চার হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৫৫ জন নিহত এবং ১৫ হাজার ৯১৪ জন আহত হয়।

২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে মোট দুর্ঘটনার সংখ্যা ৩৪ দশমিত ৪৮ শতাংশ কমার সঙ্গে সঙ্গে এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৯ দশমিক ৯৪ শতাংশ ও আহতের সংখ্যা ২৭ দশমিক ১৮ শতাংশ কমেছে বলে জানান মোজাম্মেল হক।

এর আগে গত ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে সড়কে নিরাপত্তার দাবিতে আন্দেলনরত সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) জানায়, ২০১৬ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৬৩ শতাংশ কমেছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নিসচার পরিসংখ্যানের সঙ্গে যাত্রী কল্যাণ সমিতির অমিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক স্বীকার করেন, তারা যে দুর্ঘটনার পরিসংখ্যান পেয়েছেন প্রকৃতপক্ষে তার সংখ্যা আরও বেশি হতে পারে।

সব গণমাধ্যমে সব দুর্ঘটনার খবর প্রকাশ হয় না দাবি করে এ ধরনের পার্থক্য হয়ে থাকতে পারে ভাষ্য তার।

মোজাম্মেল জানান, ১০টি জাতীয় পত্রিকা, ছয়টি অনলাইন দৈনিক, ছয়টি স্থানীয় দৈনিক ও টিভি চ্যানেলের খবর নিয়মিত মনিটরিং করে প্রকাশিত খবরের ভিত্তিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির যাত্রী কল্যাণ সমিতির এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

“সিংহভাগ সংবাদপত্র বা টিভি চ্যানেল প্রাণহানির সংখ্যা বেশি না হলে বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আক্রান্ত না হলে সড়ক দুর্ঘটনার সংবাদ প্রচারে গুরুত্ব দেয় না। রাজনৈতিক সহিংসতা, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি বিরোধী অভিযান, স্থানীয় সরকার নির্বাচনের সময়ে গণমাধ্যমে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সংগঠিত কোনো সড়ক দুর্ঘটনার সংবাদ প্রচার হয় না।”

সড়ক দুর্ঘটনার সব সংবাদ প্রচার হলে নিহত বা আহতের পরিমাণ আরও বেশি হতো বলে দাবি করেন যাত্রী কল্যাণ সমতির মহাসচিব মোজাম্মেল।

সংবাদ সম্মেলনে সাবেক যোগাযোগ সচিব মাহাবুবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।