২০১৫ সালে সড়কে নিহত ৮,৬৪২ জন: যাত্রী কল্যাণ সমিতি
গত বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার মানুষ মারা গেছে বলে নতুন একটি পরিসংখ্যান পাওয়া গেছে।
শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি উপস্থাপিত এক প্রতিবেদনে এই সংখ্যা জানানো হয়, যা এক সপ্তাহ আগে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংখ্যার চেয়ে সাড়ে তিন হাজার বেশি।
‘নিরাপদ সড়ক চাই’ এর মতো যাত্রী কল্যাণ সমিতিও সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির এই প্রতিবেদন তৈরি করেছে।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৫ সালে সারাদেশে ৬ হাজার ৫৮১টি ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮ হাজার ৬৪২ জন নিহত হন; আহত হন ২১ হাজার ৮৫৫ জন।
গত ৩১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই হিসাব দেখিয়েছিল, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩ জন নিহত হয়, যা ২০১৪ সালের চেয়ে দেড় হাজার কম।
মোজাম্মেল হক জানান, ২০১৫ সালে যাত্রী, চালক ও পরিবহন শ্রমিক মিলে ৩০ হাজার ৪৯৭ জন সড়ক দুর্ঘটনার শিকার হন।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কয়েকটি সুপারিশ তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি।
এগুলো হলো-
# ট্রাফিক আইন ও মোটরযান আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, গীর্জা ও গণমাধ্যমে ব্যাপক প্রচারে ব্যবস্থা করা।
# জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাট-বাজার অপসারণ করা ও ফুটপাত দখলমুক্ত করা।
# রোডসাইন ও জেব্রা ক্রসিং আঁকা।
# চালকদের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা; তাদের বিশ্রাম ও কর্মবিরতির সুযোগ দেওয়া।
# বিদ্যমান মোটরযান আইন যুগোপযোগী করা ও গাড়ির ফিটনেস সনদ দেওয়ার পদ্ধতি ডিজিটাল করা।
# মহাসড়কে স্বল্পগতি ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা।
এছাড়া সরকারকে সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পরিবারের সদস্যদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে এবং দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত ট্রমা সেন্টারগুলো দ্রুত চালুর ব্যবস্থা করার সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
