‘এসএসসি, এইচএসসির খাতা দেখতে অভিজ্ঞ শিক্ষক কেন নয়’
যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার নির্দেশনা কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এর সঙ্গে খাতা দেখতে উপযুক্ত সময় কেন বরাদ্দ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এ রুল দেয়।
শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গত ২৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে পাবলিক পরীক্ষায় খাতা দেখা ও ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার সংবাদ প্রকাশিত হয়।
ফাইল ছবি
মনজিল মোরসেদ বলেন, “যোগ্য ও দক্ষ শিক্ষকদের পরীক্ষার খাতা বরাদ্দের নীতিমালা থাকার পরও এর ব্যতিক্রম হচ্ছে। এর ফলে অনেক শিক্ষার্থীর পরীক্ষার ফলে বিপর্যয় ঘটছে। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা নেমে আসছে।”
তিনি জানান, মাত্র ১৪ দিনের মধ্যে খাতা দেখে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যা প্রকৃতপক্ষে অসম্ভব। এভাবে খাতা দেখলে সঠিক মূল্যায়ন সম্ভব না।
রিট আবেদনে উল্লেখ করা হয়, পরীক্ষায় ফল প্রকাশের পর শত শত শিক্ষার্থী নম্বর বেশি পাচ্ছে। পরীক্ষার খাতা দেখার জন্য উপযুক্ত সময় না দেওয়ায় ফলাফল এরকম হচ্ছে।
